কলকাতা: টলিপাড়ায় আবার এক উদ্বেগের খবর। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ এখনও কাটেনি, তার আগেই আরও এক চমকে দেওয়ার মতো খবর। নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। এদিন সকালে নিমতার একটি ব্যাঙ্কে কাজ সেরে ফেরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। এর কিছু সময়ের পর থেকেই আর খোঁজ মিলছে না তাঁর। পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টা ২২ মিনিটে উৎসবের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তখন নাকি তিনি ব্যাঙ্কের ভিতরেই ছিলেন কিন্তু সেই কথোপকথনের কিছুক্ষণ পর থেকেই তাঁর ফোন সুইচড অফ পাওয়া যায় এবং তারপর আর কোনওভাবেই যোগাযোগ করা যায়নি। এমনকি সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলেও পরিচালকের খোঁজ মেলেনি। পরিচালকের স্ত্রী এও জানান, উৎসব তাঁর প্রয়াত বাবার ফোন নিয়ে গিয়েছিলেন এবং তাঁর নিজের ফোনটি ছিল মৌপিয়ার কাছেই।
পরিচালকের স্ত্রী জানিয়েছেন, অনেক দিন ধরেই সাইবার ক্রাইম সংক্রান্ত কিছু সমস্যা চলছিল। এই বিষয়টা নিয়ে চিন্তায় ছিলেন উৎসব। কিন্তু, তা নিয়ে খুব যে বেশি আলোচনা হয়েছে, সেটাও নয়। ইতিমধ্যেই আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পরিচালকের স্ত্রী। ফোন নম্বর ট্র্যাক করে জানা গিয়েছে, সেটি শেষবার উল্টোডাঙা স্টেশনের কাছে চালু ছিল। এরপরেই বন্ধ হয়ে যায়।
জানা গিয়েছে, ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সেখানকার সিসিটিভি ফুটেজ। তিনি আদৌ ব্যাঙ্ক থেকে বেরিয়েছিলেন কিনা, বের হলেই বা কোথায় গেলেন আর কেন? - এই সব প্রশ্ন উঠে আসছে।
প্রসঙ্গত, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধু এইসব সিনেমার গল্প লিখেছেন উৎসব মুখোপাধ্যায়। এছাড়াও স্বাধীনভাবে কিছু কাজ করেছেন। একজন সৃজনশীল মানুষের হঠাৎ এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া উদ্বেগ বাড়িয়েছে শিল্পমহলে। তাঁর পরিবারের তরফে আবেদন, পরিচালকের খোঁজ পেলে যেন দ্রুত তাঁদের জানানো হয়।


No comments:
Post a Comment