নিজস্ব সংবাদদাতা, নদিয়া: পদ্মে ফের প্রার্থী নিয়ে বিক্ষোভ। পছন্দের প্রার্থী না মেলায় দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী- সমর্থকদের। ঘটনা কৃষ্ণনগরের। শনিবার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে তারক চ্যাটার্জির নাম ঘোষণা করে বিজেপি। এরপরেই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবী, এই প্রার্থীর তৃণমূলের সঙ্গে সেটিং রয়েছে। তাই তাঁরা কিছুতেই এই প্রার্থীকে মেনে নেবেন না।
স্থানীয় সূত্রে খবর, বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর সেই রাতেই দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলেরই বেশ কিছু কর্মী-সমর্থক। তারপরে ঘন্টা যেতে না যেতেই ফের কৃষ্ণনগর বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। রবিবারেও একই চিত্র।
তাঁদের দাবী অবিলম্বে প্রার্থী হিসেবে তারক চ্যাটার্জির নাম পরিবর্তন করতে হবে। কোনও মতেই ঘোষিত প্রার্থীকে তারা মেনে নেবেন না বলেই দাবী।
প্রার্থী বদলের দাবীতে রবিবারেও দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। তাঁদের স্লোগান - 'তৃণমূলের সাথে সেটিং করা প্রার্থী তারক চ্যাটার্জিকে মানছি না মানব না।' তারক চ্যাটার্জিকে অবিলম্বে বদল করতে হবে। বিজেপির কৃষ্ণনগর টাউনের মণ্ডল সভাপতিরাও এদিন এই বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবী, কোনও রকম আলোচনা ছাড়াই এই প্রার্থী ঘোষণা করা হয়েছে।
কৃষ্ণনগর টাউন মণ্ডল ২-এর সভাপতি বাপি শীল বলেন, "আমাদের সাথে কোনও রকম আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা হয়েছে। আমরা জানি স্থানীয় সভাপতির ইচ্ছাতেই এই প্রার্থী। প্রার্থী যদি বদল করেন, তাহলে আমরা এই তালা খুলব।'
তাঁর কথায়, "এটাও (দলীয় কার্যালয়) তো আমাদের মন্দির। আমরা ভালোবেসে দল করি এখনও করব। সভাপতির মত দু-একজন অসাধু ব্যক্তির জন্য আমরা দলের ক্ষতি চাই না।" তিনি বলেন, "উনি অবিলম্বে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলুন এবং আমাদের সঙ্গে বসুন।"
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের জন্য শনিবার রাতে পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করে পদ্ম শিবির। পাশাপাশি তিন কেন্দ্রের প্রার্থী বদল করা হয়।
মধ্যমগ্রামে বিজেপির প্রার্থী করা হয়েছে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে, যিনি রাজু বন্দ্যোপাধ্যায় নামে রাজ্যের মানুষের কাছে বেশি পরিচিত। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদারকে প্রার্থী করেছে বিজেপি। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে তারকনাথ চ্যাটার্জিকে প্রার্থী করেছে বিজেপি। এর পাশাপাশি কল্যাণী বিধানসভা কেন্দ্রে অনুপম বিশ্বাস ও উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে।
এছাড়াও যে তিনটি কেন্দ্রে বিজেপির তরফে যে প্রার্থী দল করা হয়েছে, সেগুলো হল বেহালা পূর্ব বিষ্ণুপুর ও বসিরহাট উত্তর। বিষ্ণুপুরে এই নিয়ে দ্বিতীয় বার প্রার্থী বদল করল বিজেপি। এখানকার নতুন প্রার্থী অভিজিৎ সর্দার। বসিরহাট উত্তরে কৌশিক সিদ্ধার্থ এবং বেহালা পূর্বের নতুন বিজেপি প্রার্থী হয়েছেন শঙ্কর শিকদার। রাজ্যে মোট ২৯৪ বিধানসভা কেন্দ্র। এর মধ্যে ২৯৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এখনও কলকাতা বন্দরে প্রার্থী ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রথম তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। পছন্দের প্রার্থী না পেয়ে বিক্ষোভে সামিল হয়েছেন দলীয় কর্মী-সমর্থকদেরই একাংশ। এবারে পঞ্চম তালিকা প্রকাশের পরেও একই চিত্র।

No comments:
Post a Comment