কলকাতা, ০৫ এপ্রিল ২০২৬, ১৫:৪২:০২ : এপ্রিলের শুরু থেকেই বাংলায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মানুষ প্রচণ্ড গরমে নাজেহাল। তাই অনেকেই গরম থেকে একটু স্বস্তি পেতে উত্তরবঙ্গ বা সিকিম যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু তার আগেই পর্যটকদের জন্য চিন্তার খবর সামনে এসেছে। রবিবার সকালে উত্তর সিকিমের পথে ভয়াবহ ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, লাচেন যাওয়ার পথে তারেম চু খোলা এলাকায় বড়সড় ভূমিধস হয়েছে এবং রাস্তা পুরোপুরি ভেঙে পড়েছে। পরিস্থিতি এমন যে সেখানে হেঁটে চলা তো দূরের কথা, গাড়ি চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণেই এই ভূমিধস হয়েছে।
পাহাড়ে এখন পর্যটনের মরসুম শুরু হয়েছে। এই সময় এমন ঘটনার কারণে পর্যটন ব্যবসায়ীরা বড় সমস্যায় পড়ছেন। ২০২৩ সালে একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল, যখন উত্তর সিকিমে একটি হিমবাহ ভেঙে যাওয়ার ফলে লাচেন দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রায় দুই বছরের প্রচেষ্টায় ফেব্রুয়ারিতে নতুন সেতু ও রাস্তা তৈরি করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছিল। কিন্তু আবারও রাস্তা ভেঙে যাওয়ায় নতুন করে উদ্বেগ বাড়ছে।
উল্লেখ্য, মার্চ মাসেও গ্যাংটক থেকে লাচেন এবং চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে একাধিক স্থানে ভূমিধস হয়েছিল, যার ফলে বহু পর্যটক আটকে পড়েছিলেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন মাঙ্গান, সোরেং সহ সিকিমের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাঙ্গানের বিভিন্ন অংশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বুধবারের পর গ্যাংটক ও মাঙ্গান এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এর ফলে আশঙ্কা করা হচ্ছে, আগামী কয়েকদিনে উত্তর সিকিম পুরো সিকিমের পর্যটন শিল্প বড় ক্ষতির মুখে পড়তে পারে।

No comments:
Post a Comment