কলকাতা, ০৫ এপ্রিল ২০২৬, ১৮:১৮:০১ : কোচবিহারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বাংলায় অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে এবং রাজ্যে পরিবর্তনের হাওয়া স্পষ্ট। তাঁর কথায়, একদিকে সিন্ডিকেট রাজে মানুষের সম্পত্তি লুটের ভয়, অন্যদিকে দুর্নীতিগ্রস্ত শাসকদলের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোচবিহারের এই জনসভা মানুষের মনের অবস্থা পরিষ্কারভাবে তুলে ধরেছে। গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতি, হিংসা এবং শাসনব্যবস্থার ভেঙে পড়া নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে কলকাতার ব্রিগেড ময়দান থেকে পরিবর্তনের মহা-অভিযান শুরু হয়েছিল। সেই ঐতিহাসিক জনসমাবেশ, মানুষের উৎসাহ ও উন্মাদনা শাসকদলকে ভয় পাইয়ে দিয়েছে। আজ কোচবিহারের সভা সেই পরিবর্তনের ডাককে আরও জোরালো করেছে।
প্রধানমন্ত্রী বলেন, "কোচবিহারের মানুষ স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান শাসকদলের সময় শেষ হয়ে এসেছে। রাজ্যজুড়ে পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে।"
তিনি বলেন, "একদিকে শাসকদলের ভয় ও দুর্নীতি, অন্যদিকে উন্নয়নের প্রতি আস্থা—এই দুইয়ের মধ্যে মানুষকে বেছে নিতে হবে। অনুপ্রবেশ রুখে রাজ্যকে নিরাপদ করার আশ্বাসও তিনি দেন।"
নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি সন্দেশখালি-র ঘটনার উল্লেখ করেন এবং বলেন, নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা হবে। তিনি আশ্বাস দেন, নির্বাচনের পর অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রত্যেক অপরাধীর হিসাব নেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামী ৪ মে-র পর আইন তার নিজস্ব পথে চলবে এবং বড় থেকে বড় অপরাধীকেও ছাড় দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, রাজ্যে গণতন্ত্র প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মালদার ঘটনার প্রসঙ্গ তুলে মালদায় বিচার বিভাগের আধিকারিকদের অবরুদ্ধ করে রাখার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এই সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও গুরুত্ব দেয় না।
নারীশক্তির প্রসঙ্গে তিনি বলেন, "দেশের বহু মহিলাকে আর্থিকভাবে স্বনির্ভর করা হয়েছে এবং ভবিষ্যতে আইনসভা ও লোকসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মহিলাদের অংশগ্রহণ আরও বাড়ে।"
শেষে তিনি বলেন, "বাংলায় অন্যায়ের অবসান হবে এবং মানুষের পরিশ্রমের অর্থ যারা লুট করেছে, তাদের জবাবদিহি করতে হবে। তাঁর দাবি, বর্তমান শাসন বাংলাকে পিছিয়ে দিয়েছে এবং কর্মসংস্থানের অভাবে মানুষ রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছে।"

No comments:
Post a Comment