কলকাতা, ১৫ মার্চ ২০২৬: বঙ্গে বেজেছে ভোটের দামামা। নির্বাচন কমিশন রবিবার (১৫ মার্চ) বিকেলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। বাংলায় দুই দফায় হবে ভোটগ্রহণ এবং ফলাফল ৪ মে ভোট গণনা। নির্বাচন ঘোষণার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রস্তুতি জোরদার করেছে। বাংলার মসনদে কে বসবে, সেটা তো জানা যাবে ফলাফল প্রকাশের পরেই। তবে, তার আগে, ম্যাট্রিজ-আইএএনএস নির্বাচনী মেজাজ জানতে জনমত সমীক্ষা করেছে। দেখে নেওয়া যাক কী বলছে সেই সমীক্ষা।
ম্যাট্রিজ-আইএএনএস- এর জনমত সমীক্ষা অনুসারে, এবারেও বাংলা বিধানসভা নির্বাচনে জয়ের হাসি হাসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ফের একবার ক্ষমতায় আসতে পারে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা আসন রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসনের প্রয়োজন হবে। সমীক্ষা অনুসারে, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে ক্ষমতায় ফিরতে পারে। আর যদি এটা হয়, তাহলে তৃণমূল টানা চতুর্থবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় হাসিল করবে।
ম্যাট্রিজ-আইএএনএস-এর জনমত সমীক্ষা অনুসারে, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৫৫ থেকে ১৭০ আসন জিততে পারে। বিজেপি ১০০ থেকে ১১৫ আসন জিততে পারে বলে ধারণা করা হচ্ছে। এআইএমআইএম ৫-৬ আসন এবং অন্যান্যরা ০-১ আসন জিততে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১১ সালে তৃণমূল কংগ্রেস বঙ্গে ক্ষমতায় আসেন। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৩টি আসন। এই নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করে। ২০১৬ সালে যেখানে বিজেপি মাত্র তিনটি আসন জিতেছিল, সেখানে ২০২১ সালে তাদের আসন সংখ্যা বেড়ে ৭৭-এ দাঁড়ায়। তাদের ভোটের ভাগ ছিল ৩৮ শতাংশ।

No comments:
Post a Comment