কলকাতা: নির্বাচন-পরবর্তী হিংসায় কংগ্রেস কর্মী দেবদীপ চ্যাটার্জীর মৃত্যুর তীব্র নিন্দা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দেবদীপকে খুনের অভিযোগ তুলেছেন। এর পাশাপাশি সকল অভিযুক্তদের অবিলম্বে গ্ৰেফতার ও কঠোর শাস্তির দাবী জানিয়েছেন তিনি। এই বিষয়ে রবিবার এক্স-এ একটি পোস্ট করেছেন কংগ্রেস নেতা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন রাহুল গান্ধী। তাঁর দাবী, পশ্চিমবঙ্গে আজ গণতন্ত্র নয়, তৃণমূলের গুণ্ডারাজ চলছে।
রবিবার সমাজমাধ্যম পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, "নির্বাচনের পরে তৃণমূলের সঙ্গে জড়িত গুণ্ডাদের কংগ্রেস কর্মী দেবদীপ চ্যাটার্জীকে খুনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা।"
তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গে আজ গণতন্ত্র নেই, তৃণমূলের গুণ্ডারাজ চলছে। ভোটের পর বিরোধী আওয়াজকে ভয় দেখানো, মারা এবং নির্মূল করা- এটাই তৃণমূলের চরিত্র হয়ে দাঁড়িয়েছে।"
"কংগ্রেসের রাজনীতি কখনও সহিংসতার ওপর টিকে নেই আর না কখনও টিকবে। আমরাও আমাদের কর্মী হারিয়েছি, এরপরেও আমরা সর্বদা অহিংসা এবংওসংবিধানের পথ বেছে নিয়েছি। এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের সংকল্প", লিখেছেন রাহুল।
তিনি আরও লেখেন, "দাবী স্পষ্ট- সকল অপরাধীদের অবিলম্বে গ্রেফতার, কঠোরতম শাস্তি এবং দেবদীপের পরিবারকে পূর্ণ নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। ভারতের অহিংস ঐতিহ্যকে কলঙ্কিত করে এমন রাজনীতির কাছে আমরা মাথা নত করব না। ন্যায় হবেই।
কংগ্রেস নেতাদের অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত দুষ্কৃতকারীরা দেবদীপকে আক্রমণ করে এবং নির্মমভাবে মারধর করে। এর কিছুক্ষণ পরেই তিনি আঘাতজনিত কারণে মারা যান। হাত শিবিরের কথায়, এই মর্মান্তিক ঘটনাটি রাজ্যে আইনশৃঙ্খলার সম্পূর্ণ ভাঙনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং পশ্চিমবঙ্গে বিরোধী দলের কর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।


No comments:
Post a Comment