প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩ এপ্রিল : বলিউডে এখন একটাই চর্চার বিষয় সেটি হল রণবীর সিংহের ‘ধুরন্ধর ২’। এই সিনেমা যখন বক্স অফিসে ঝড় তুলছে, তখন তারকার নীরবতা নিয়ে চলছে জোর চর্চা। কিন্তু সেই নীরবতার মাঝেই বন্ধুর পাশে জোর গলায় দাঁড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখলেন, “অভিনন্দন আমার বন্ধু রণবীর সিং।”
শুধু রণবীর কেই নন তিনি শুভেচ্ছা জানিয়েছেন ছবির অন্যান্য তারকাদেরও, অর্জুন রামপাল, আর মাধবন, অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং রাকেশ বেদীকে। তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন পরিচালক আদিত্য ধর। প্রিয়াঙ্কার কথায়, “তুমি লক্ষ্যভেদী একজন মানুষ। এই ছবি সত্যিই এক নতুন অভিজ্ঞতা।”
এর মাঝেই অন্য এক কারণে শিরোনামে রয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে সেবায় অংশ নিতে দেখা যায় তাঁকে। সাধারণ ভক্তদের মতো মাটিতে বসে বাসন মাজতে দেখা যায় অভিনেত্রীকে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মন্দির থেকে বেরোনোর সময় ভক্তদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
রণবীর-প্রিয়াঙ্কার বন্ধুত্ব কিন্তু আজকের নয়। ‘গুণ্ডে’ ও ‘বাজিরাও মাস্তানি’‘দিল ধড়কনে দো’র মতো ছবিতে তাঁদের রসায়ন ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে।অন্যদিকে, ‘ধুরন্ধর ২’ এখন সাফল্যের শিখরে। মুক্তির পর মাত্র কয়েকদিনেই বিশ্বজুড়ে প্রায় ১,৩৬৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি এবং দ্রুত ১,৪০০ কোটির দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই এটি বছরের অন্যতম বড় ব্লকবাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে।
কাজের ক্ষেত্রেও নতুন চমক অপেক্ষা করছে প্রিয়াঙ্কার জন্য। তিনি খুব শিগগিরই ভারতীয় সিনেমায় ফিরছেন রাজামৌলির ‘বারাণসী’ ছবির মাধ্যমে, যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনকে।
.jpeg)
No comments:
Post a Comment