কলকাতা: বঙ্গে ভোটের উত্তাপের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে গরম। তবে এই অসহনীয় দাবদাহের পর এবার দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইতে পারে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত এই মেঘলা আকাশ ও ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এখনই তাপপ্রবাহের অস্বস্তি কাটছে না।
বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়ার মতো জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। এই জেলাগুলিতে তাপমাত্রা এখনও ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪-৫ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই জেলাগুলিতে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি পুরোপুরি বিদায় নিচ্ছে না। দিনের বেলায় শুষ্ক গরম হাওয়া এবং বিকেলের দিকে গুমোট ভাব বজায় থাকবে।
কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমাঞ্চলের তুলনায় কিছুটা কম হলেও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এখানে ৮০-৯৫ শতাংশ, যাতে করে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। সাধারণ মানুষের নাজেহাল দশা। তবে আশার বাণী, উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আজ থেকেই। রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাতে গরম কিছুটা হলেও কমবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার আশঙ্কাও রয়েছে। যদিও তীব্র দাবদাহের হাত থেকে আজই কিছুটা মুক্তি মিলতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক বেশি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। তবে মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে আবহাওয়া খামখেয়ালি থাকতে পারে। বিকেলের দিকে কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
উত্তরবঙ্গেও সব জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০-৫০ কিমি বেগে। এছাড়াও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বলেই পূর্বাভাস।

No comments:
Post a Comment