যোগীজি আসুক, ভোগীজি আসুক', চরম কটাক্ষ জুন মালিয়ার! মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা তৃণমূলের তারকা সাংসদের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 25, 2026

যোগীজি আসুক, ভোগীজি আসুক', চরম কটাক্ষ জুন মালিয়ার! মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা তৃণমূলের তারকা সাংসদের


নদিয়া: শেষ শনিবাসরীয় প্রচারে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুললেন তৃণমূলের তারকা সাংসদ জুন মালিয়া। এদিন নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে চক দিগনগরে নির্বাচনী জনসভা করেন অভিনেত্রী সাংসদ। এদিন প্রচারের ফাঁকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এক হাত নিয়েছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীকেও চরম কটাক্ষ করেন তিনি। উল্লেখ্য, জুন মালিয়ার সঙ্গে ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। 


এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ জুন মালিয়া বলেন, "যোগী বাবুর কথা আমি বলতে চাই না। যে ভদ্রলোক একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এসে বলতে পারে স্বামী বিবেকানন্দ বলেছিলেন 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব', এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। আমি তো ভাবছিলাম হে ভগবান এটা কি দেখাচ্ছ! এটাও দেখতে হল আমাদের যে, স্বামীজি বলেছেন, 'তোমরা আমাকে রক্ত দাও'! জুন বলেন, "যোগী আসুক আর ভোগীরাই আসুক, বাংলার মানুষ মমতাকেই ভোট দেবেন।"


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর নিয়েও কটাক্ষ করেন তৃণমূলের তারকা সাংসদ। তিনি বলেন, "আমি বললাম যোগীজি আসুক, ভোগীজি আসুক। উনি ঘুরছেন, উনি ঝাল মুড়ি খান, আমি তো ভেবেছিলাম উনি কাল ফুচকাও খাবেন প্রিন্সেপ ঘাটে। জানিনা খেয়েছেন কিনা! নৌকা বিহারে গেছেন, ছবি তুলছেন। বাকি পুরো দেশ জ্বলছে।"


এই প্রসঙ্গে রোমের রাজার উদাহরণ টেনে এনে তিনি বলেন, "যখন রোম জ্বলছিল, তখন রাজা নাকি ভায়োলিন বাজাচ্ছিল। আমার তো সেই দৃশ্যই মনে পড়ছে। মণিপুর দাউদাউ করে জ্বলছে আর আমাদের নরেন্দ্র মোদীজি নৌকাবিহার করছেন।" 


ক্ষমতায় এলে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার প্রসঙ্গে জুনের কটাক্ষ, "আগে দিল্লীর মহিলাদের আড়াই হাজার টাকা দিতে বলুন। দেড় বছর হয়ে গেছে দু'পয়সাও দেয়নি। আগে ওটা করুক। যাদের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁদেরটা আগে সম্পূর্ণ করুক। বিহারে নির্বাচনের আগে নয়-দশ হাজার টাকা চটজলদি দিয়ে, এখন বলছে ঐ টাকা ফেরত দাও। সুতরাং ওদের কথা আমি বিশ্বাস করি না। বাংলার মানুষ, বাংলার মহিলারাও করেন না।"


"এসআইআরে যেভাবে বাংলার মানুষকে হেনস্থা করা হয়েছে, অন্যায় অবিচার করা হয়েছে, প্রথম দফায় মানুষ ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয় দফায় আরও বুঝিয়ে দেবেন", মন্তব্য তৃণমূল সাংসদের।

No comments:

Post a Comment

Post Top Ad