বাইকে চেপে জনসংযোগ মমতার! ফিরল পাঁচ বছর আগের স্মৃতি, শনির বিকেলে প্রচারে চমক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 25, 2026

বাইকে চেপে জনসংযোগ মমতার! ফিরল পাঁচ বছর আগের স্মৃতি, শনির বিকেলে প্রচারে চমক


কলকাতা: মমতার জনসংযোগ মানেই ভিন্ন চমক থাকবেই। তা সে পাহাড়ি পথ হোক বা সমতল, মাইলের পরে মাইল হাঁটা তাঁর কাছে যেন সাধারণ। আর এই নির্বাচনী আবহে বৈশাখের তপ্ত দুপুরেও গত কয়েক দিনে জেলায়-জেলায় বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে মিছিল করছেন মমতা। তবে, দ্বিতীয় দফার ভোটের আগে শেষ শনিবাসরীয় প্রচারে দেখা গেল বিশেষ চমক, বাইকে চেপে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের এই দৃশ্য মনে করিয়ে দিল সেই পাঁচ বছর আগের স্মৃতি, ওই যে বছরটি ছিল একুশের বিধানসভা নির্বাচন। যদিও সেই সময় ভিন্ন কারণে স্কুটারে চেপেছিলেন তিনি। তবে এদিন ভোট প্রচারের মাঝে আচমকাই দলীয় এক কর্মীর বাইকে চেপে জনসংযোগ, ভোট-বঙ্গে নজর কেড়েছে। 


এদিন বিকেলে দমদম উত্তরের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন মমতা। উত্তর ২৪ পরগনার বিরাটিতে ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। সেখানেই প্রচারের মাঝে আচমকাই তাঁকে দেখা যায় দলীয় কর্মীর বাইকে চাপতে।


এদিন বিরাটির বণিক মোড় থেকে বিরাটি মোড় পর্যন্ত মমতা রোড শো করেন। গাড়িতে করে প্রথমে বিরাটি মিনি বাসস্ট্যান্ডে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কিছুটা পথ পায়ে হেঁটে আচমকাই এক দলীয় কর্মীর মোটরবাইকে চেপে বসেন তিনি। এরপর বাকি পথ বাইকে চেপেই জনসংযোগ সারেন মমতা। 


এদিনের এই দৃশ্যটাই ছিল ভিন্ন। প্রিয় 'দিদি'কে বাইকে চেপে এভাবে জনসংযোগ করতে দেখে দলীয় কর্মী-সমর্থকরা যেন উচ্ছ্বাসে ফেটে পড়েন। সেই সময় চারিদিকে শুধু 'দিদি', 'দিদি' রব। পাশাপাশি শোনা যায় 'জয় বাংলা' স্লোগান। মোটর বাইকের পিছনে বসে তখন রাস্তার দু'ধারে ভিড় করে থাকা মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন মমতা। এইভাবেই চলে জনসংযোগ। এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও দেখা যায় অনেককেই। 


উল্লেখ্য, আজ থেকে ঠিক পাঁচ বছর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস। সেটাও ছিল এক বিধানসভা ভোটের বছর। তখন যদিও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। সেই সময় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে পৌঁছেছিলেন মমতা।মন্ত্রী ফিরহাদ হাকিম চালিয়েছিলেন স্কুটিটি। তবে ফেরার পথে নবান্নের সামনে থেকে নিজেই স্কুটি চালান তিনি। আর এদিন নির্বাচনী প্রচারে বাইকে চেপে মমতার জনসংযোগ পাঁচ বছর আগের সেই স্মৃতিই যেন ফিরিয়ে দিল।

No comments:

Post a Comment

Post Top Ad