প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৯ এপ্রিল : টেলিপর্দার একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কৌশিক রায়। বর্তমানে অভিনয় জগতে পাকাপাকি ভাবে নিজের পরিচয় তৈরি করতে পারলেও পথচলার শুরুটা মোটেও সহজ ছিল না তার।
বাঙালির ড্রয়িংরুমে তাঁর আসন মোটামুটি পাকা। তবে প্রচারের আলো থেকে সচেতন ভাবেই দূরত্ব বজায় রাখেন অভিনেতা কৌশিক রায়। এ দিকে ‘পুণ্যিপুকুর’, ‘কুসুমদোলা’, ‘ফাগুন বউ’-এর মতো পর পর হিট ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। প্রচার থেকে দূরে কেন? ‘‘আসলে অভিনেতা হিসেবে নিজেকে সীমিত বলে মনে করি। তাই ব্যক্তি কৌশিককে বেশি লোকে চিনুক, সেটা চাই না,’’ জড়োসড়ো কণ্ঠে বললেন তিনি। সোশ্যাল মিডিয়ার যুগে পিআর না করে কাজ পেতে অসুবিধে হয় না? ‘‘এক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছিলাম। তবে ভাল পারি না বলেই থাকিনি। ভবিষ্যতে আসতেও পারি।
পড়ালেখার সূত্রেই বহরমপুর থেকে কলকাতায় এসে ছিলেন অভিনেতা। এরপর চাকরি সুত্রে দিল্লিতে চলে গেলেও বেশিদিন কাজে মন বসাতে পারেননি তিনি। তারপর পুরোদমে থিয়েটারে যোগ দেন কৌশিক।
কলেজে তার শিক্ষিকা ছিলেন অভিনেতা রজতাভ দত্তের স্ত্রী সোমা দত্ত। তিনিই প্রথম কৌশিককে নিয়ে যান রাজ চক্রবর্তীর কাছে। পরিচালক টেলিভিশনের ‘জোশ’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করার পর আর কোনদিন পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। হাতে এসেছে একের পর এক হিট মেগা। এমনকি ছোটপর্দার গণ্ডি পেরিয়ে একলা চলো, প্রলয়, গয়নার বাক্স -র মতো ছবিতেও কাজ করেছেন তিনি। যদিও এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে ‘আলোর কোলে’ ধারাবাহিকে।
২০১২ সালে আর্শীয়ার সঙ্গে গাটঁছড়া বাঁধেন কৌশিক। দুজনের একটি কন্যা সন্তানও রয়েছে। নাম মৈত্রী। আর্শীয়া অবশ্য অভিনয় জগতের মানুষ নন। স্ত্রী ও কন্যাকে নিয়ে গল্ফগ্রিনে থাকা হয় অভিনেতার। বর্তমানে কাজ ও সংসার নিয়ে বেশ সুখেই আছেন অভিনেতা।
"

No comments:
Post a Comment