প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৭ এপ্রিল : অভিনেতা রাহুলের মৃত্যুর পর থেকে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম প্রশ্ন উঠে এসেছে এবং প্রযোজনা সংস্থার দায়সারা মনোভাব ভীষণ ক্ষুব্ধ করে গোটা টলিউডকে। এরপরেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকা হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে। মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওয় একত্রিত হয়েছিলেন টলিউডের শিল্পী এবং টেকনিশিয়ানরা। সেখানেই নেওয়া হল একটা বড় সিদ্ধান্ত। ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে আপাতত কোনও কাজ করবেন না কোনও টেকনিশিয়ান বা শিল্পী কেউই। শুধু তাই নয়, বুধবার ৮ এপ্রিল থেকে উঠবে কর্মবিরতি।
অনুরাগীদের প্রশ্ন তবে ‘চিরসখা’ ও ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের ভবিষ্যত কি? খুব সম্প্রতি বন্ধ হয়ে গিয়েছে ‘ভোলে বাবা পার কারেগা’, তবে চলছিল ‘চিরসখা’ ধারাবাহিকের শ্যুটিং। আপাতত সেটাও বন্ধ থাকবে। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা যে সমস্ত ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ধারাবাহিকে আপাতত আর কাজ করতে চাইছেন না শিল্পী বা টেকনিশিয়ানরা।
টেকনিশিয়ান স্টুডিওয়ে বৈঠক শেষে রঞ্জিত মল্লিক বলেন, ‘সত্যিটা জানতে হবে। সেদিন কী ঘটেছিল।’ তবে বৈঠকে এও বলা হয়, তদন্ত চলাকালীন আপাতত এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অদূর ভবিষ্যতে যদি প্রযোজনা সংস্থা নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারে, তাহলে আবার তাদের সঙ্গে কাজ করা হবে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ম্যাজিক মোমেন্টস একটি হিন্দি ধারাবাহিকের সঙ্গেও যুক্ত। এই একই সিদ্ধান্ত সে ক্ষেত্রেও লাগু হবে বলে জানানো হয়েছে। যতক্ষণ না প্রশাসন রায় দিচ্ছে, যতক্ষণ না গোটা ঘটনার একটি ইতিবাচক সমাপ্তি ঘটছে, ততক্ষণ এই সিদ্ধান্তে অনড় থাকবেন সকলে।
.jpeg)
No comments:
Post a Comment