কলকাতা: নির্বাচনী প্রচারের জন টানা একমাত্র জেলায় জেলায় সফর করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে শুরু হচ্ছে মমতার কলকাতায় অভিযান। আজ সোমবার মুরারই, উত্তর ২৪ পরগনার খড়দহে সভা সেরে কলকাতার প্রচার পর্বে পা রাখছেন মমতা। বেলেঘাটায় প্রার্থী কুণাল ঘোষ ও মানিকতলার প্রার্থী শ্রেয়া পান্ডের সমর্থনে তাঁর এদিন বিকেলে প্রথম সভা বেলেঘাটায়। তারপর সন্ধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরের জন্য একটি মিছিল ও সভা করার কথা। শেক্সপিয়ার সরণি থেকে মিছিল করে গিয়ে অ্যালেন পার্কে একটি সভা করতে পারেন ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই একমাস টানা জেলায় জেলায় ঘুরে মানুষের মন বুঝে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সাফল্য যে তৃণমূলের ঝুলিতে আসতে চলেছে সেই ইঙ্গিত মাটিতে নেমেই পেয়েছেন। সেই সাফল্যের ধারা সামনে রেখেই এবার কলকাতার সফর শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে পরপর সভা, পদযাত্রায় কার্যত গোটা কলকাতাকে দেখা যাবে তাঁর সঙ্গে পা মেলাতে।
তীব্র গরমেও মমতার পদযাত্রায় তিল ধারণের জায়গা থাকে না। এই দৃশ্য কারো অজানা নয়। এবারে আরও একবার জনসমর্থনের সেই ছবি দেখতে চলেছে কলকাতা। এর মাঝেই আবার হলদিয়া সফর আছে মমতার। সেখান থেকে ফিরে আরেক দফায় ২৭ তারিখ পর্যন্ত কলকাতায় টানা সভা করবেন তিনি। এর পর রয়েছে দক্ষিণের সভা। ২৩ এপ্রিল যাদবপুর ও টালিগঞ্জের দুই প্রার্থী দেবব্রত মজুমদার আর অরূপ বিশ্বাসের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন শ্রীকলোনি যুব সংঘের ময়দানে। তারপর দিন ঐতিহাসিক মিছিল করার কথা সুলেখা মোড় থেকে গড়িয়াহাট হয়ে হাজরা পর্যন্ত। মোটকথা ছাব্বিশের নির্বাচনে জয়ের লক্ষ্যে কোনও খামতি রাখত চাইছেন না তৃণমূল সুপ্রিমো, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

No comments:
Post a Comment