ন্যাশনাল ডেস্ক, ২০ এপ্রিল ২০২৬: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২০ জন। জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার রামনগর কাঘোট এলাকায় দুর্ঘটনার শিকার হয় যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনার খবর পেয়েই প্রশাসনিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাসটি রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল এবং পথেই দুর্ঘটনার শিকার হয়।
আধিকারিকরা জানান, সোমবার সকাল ১০টার দিকে রাম নগর এলাকার পাহাড়ি সড়কে একটি বিপজ্জনক মোড়ে বাসটি দুর্ঘটনাগ্ৰস্থ হয়। স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজে হাত লাগান। ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনেন স্থানীয়রাই। পরবর্তীতে পুলিশ এবং অন্যান্য জরুরী দলগুলিও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কাজে জুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়ার পাশাপাশি স্থানটি খালি করার অভিযান শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায়।
দুর্ঘটনার জেরে বাসটি উল্টে, দুমড়ে-মুচড়ে যায়। আধিকারিকরা জানান, গাড়ির ধ্বংসাবশেষ থেকে মোট ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২০ জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাঁদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আধিকারিকরা জানিয়েছেন, বাসটি প্রত্যন্ত গ্রাম থেকে উধমপুর যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃত ও আহতদের স্বজনদের ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'উধমপুর, জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনার কারণে প্রাণহানি খুবই দুঃখজনক। যারা এই দুর্ঘটনায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমি আমার গভীর সমবেদনা জানাই। আমি আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেক ব্যক্তির আত্মীয়দের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।'


No comments:
Post a Comment