সন্তোষপুর রেললাইন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, ওভারহেড তার ঝলসে বন্ধ রেল পরিষেবা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 25, 2026

সন্তোষপুর রেললাইন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, ওভারহেড তার ঝলসে বন্ধ রেল পরিষেবা


দক্ষিণ ২৪ পরগনা: ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘন কালো ধোঁয়ায় ঢাকল এলাকা। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আক্রা-সন্তোষপুর রেললাইন সংলগ্ন পুরাতন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় রেললাইন পর্যন্ত। এতে করে পুড়ে গিয়েছে ওভারহেড তার এবং এর জেরে শিয়ালদহ-বজবজ শাখায় বন্ধ রেল পরিষেবা। ভোগান্তির শিকার অসংখ্য যাত্রী। 


স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর দেড়টা নাগাদ বস্তির একটি ঘরে আগুন লাগে। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক বস্তিতে। বিস্ফোরণ হতে থাকে একের পর এক গ্যাস সিলিন্ডার, ফলে আতঙ্ক আরও বাড়ছে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা এতটাই বেশি যে মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় ৪০ টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। 


অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ঘিঞ্জি এলাকা হাওয়ায় ভিতরে ঢুকতে প্রথমদিকে বেশ সমস্যায় পড়তে হয় কর্মীদের। বর্তমানে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। প্রাণ বাঁচাতে রেল লাইনের উপর আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। 


বস্তির ঠিক পাশেই অবস্থিত রেল লাইন। ফলে আগুন রেল লাইনের দিকেও ছড়িয়ে পড়ে। আগুনের তাপে রেলের ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বজবজ লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যাহত হয় রেল পরিষেবা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত তার মেরামত করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিরাপত্তার স্বার্থে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।


প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল। এদিকে, সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয়রা।

No comments:

Post a Comment

Post Top Ad