প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৭ এপ্রিল : গত ২৯ মার্চ তালসারিতে ভোলেবাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এখনও পর্যন্ত বহু প্রশ্নের উত্তর অধরা। সেই আবহে বড় সিদ্ধান্ত নিল টলিউডের আর্টিস্ট ফোরাম। 'ম্যাজিক মোমেন্টস ' প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে জড়িত কারও সঙ্গে আপাতত কেউ কোনও কাজ করবে না বলে সিদ্ধান্ত নিলেন শিল্পীরা। রাহুলের মৃত্যু কী ভাবে, ন'দিন পরও সেই সত্য সামনে আসেনি। তাতেই এমন সিদ্ধান্ত।
মঙ্গলবার অর্থাৎ সকাল ১০টায় একে একে টেকনিশিয়ান স্টুডিয়োয় হাজির হন আর্টিস্ট ফোরামের সদস্য থেকে ফেডারেশন, ইমপা, টেলিভিশন প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষের একাংশ। আলোচনা চলতে থাকে দফায় দফায়। এর পরেই আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক ও কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান তাঁদের সিদ্ধান্তের কথা।
রাহুলের মৃত্যুতে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেয় আর্টিস্ট ফোরাম। সেখানে উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেব, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিশু সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অন্যরা।
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের কারও সঙ্গে কোনও লড়াই নেই। শুধু রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চাই। আমাদের পরিবারের একটা ছেলে এই ভাবে চলে গেল। এখনও পর্যন্ত জানতে পারলাম না, কী করে এমন হলো। তাই সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই প্রযোজনা সংস্থার সঙ্গে আর কাজ করব না আমরা। যারা রাহুলকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছে। এটা ইতিমধ্যেই ঘোষিত। ওই প্রোডাকশন, ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সঙ্গে যুক্ত, তাঁদের কারও সঙ্গে আমরা কোনও কাজ এই মুহূর্ত থেকে করব না, যত ক্ষণ না আমরা জানতে পারি, হয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে, আপনাদের রাহুল কী করে, কী ভাবে আমাদের ছেড়ে চলে গেল। তার সঠিক চেহারা চাই, জানতে চাই। কী ঘটেছে রাহুলের সঙ্গে। তাদের উত্তর দিতে হবে প্রিয়াঙ্কাকে’।
.jpeg)
No comments:
Post a Comment