প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১ এপ্রিল : স্বামী রাহুলের এভাবে চলে যাওয়ায় যেন গোটা দুনিয়াটা থমকে গেছে প্রিয়াঙ্কার। ছেলে সহজের দিকে তাকিয়ে এখনও নিজেকে সামলে রেখেছেন অভিনেত্রী। তবে রাহুলের এই মৃত্যুর দায় কে নেবে? কেন চুপ প্রযোজনা সংস্থা, উঠছে প্রশ্ন। সকলের মুখে একটাই কথা ‘অভিনেতাদের নিরাপত্তা কোথায়?’ গোটা ইউনিটের সামনে কীভাবে তলিয়ে গেলেন অভিনেতা?
স্বামী রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে ৩৫ বছরেই বৈধব্য যন্ত্রণায় প্রিয়াঙ্কা। এই ক্ষত যেন মেটার নয়। তবে এবার স্বামীর মৃত্যুর বিচার চাইতে বড় পদক্ষেপ নিলেন প্রিয়াঙ্কা। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টেসের বিরুদ্ধে এফআইআর করলেন অভিনেত্রী। সূত্রের খবর, গতকাল আর্টিস্ট ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে আলোচনা করা হয়৷ যেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা নিজেও। সেখানেই সম্ভবত সিদ্ধান্ত হয়।
পাশাপাশি প্রযোজনা সংস্থাকে আইনি নোটিস পাঠাতে চলেছে আর্টিস্ট ফোরাম। আগামী কয়েকদিনে সঠিক তথ্যসহ জবাব না মিললে কর্ম বিরতির ডাকও দিতে পারে অভিনেতারা বলেও মিলছে খবর।
রাহুলের মৃত্যু নিয়ে প্রযোজনা সংস্থার তরফে শুরু থেকেই গাফিলতি এবং বক্তব্যে অসঙ্গতি ছিল বলে অভিযোগ৷ ড্রোন শটের সমস্ত দায়ভার রাহুলের উপর দেওয়া হয়েছে। সুরক্ষার অভাব ছিল বলেও উঠেছে অভিযোগ৷ পুলিশের জিজ্ঞাসাবাদ এখন এক নতুন চিত্র সামনে আনছে, যেখানে তথ্য আছে, কিন্তু তাদের পরিপূর্ণ মিল নেই।
ইতিমধ্যেই ১০ থেকে ১২ জনকে জেরা করেছে পুলিশ। তালিকায় রয়েছেন শুটিং ইউনিটের সদস্যরা, ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা, এমনকি অভিনেতা যে হোটেলে উঠেছিলেন, সেখানকার কর্মীরাও।

No comments:
Post a Comment