প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩ এপ্রিল : জল্পনা চলছিল দীর্ঘ কয়েক বছর ধরে। অবশেষে বুধবার সব জল্পনায় শিলমোহর দিলেন রাজকুমার রাও। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং শুরু হলো। রাজকুমার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছেন, লাভ রঞ্জন প্রযোজিত এবং বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে‘দাদা- দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’।
ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে বহুদিন ধরেই উত্তেজনা তুঙ্গে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছবিটি এখন শুটিং ফ্লোরে। এই বহুল প্রতীক্ষিত প্রজেক্টে ‘দাদা’র চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা রাজকুমার রাও।
বুধবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শুটিং শুরুর খবর জানিয়ে রোমাঞ্চিত রাজকুমার লিখেছেন, "এবং অবশেষে এটি শুরু হল... ওয়ান অ্যান্ড অনলি #DADA,"- যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ছবিটি নিয়ে আলোচনা আরও বাড়ে যখন কয়েক মাস আগে রাজকুমারের বদলে যাওয়া চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়। ওজন বেড়ে যাওয়া এবং নতুন হেয়ারস্টাইল দেখে অনেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে অভিনেতা নিজেই স্পষ্ট করেন, এটি আসলে তাঁর চরিত্রের প্রস্তুতির অংশ। তিনি জানান, "সেই লুকের জন্যে তাকে প্রায় ৯-১০কেজি ওজন বাড়াতে হয়েছিল এবং অনেক পিজ্জা এবং প্রচুর মিষ্টি খেয়েছিলেন এবং প্রিয় আলু পরোটা, বিরিয়ানি সব খেতেন। আশা করা যাচ্ছে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি যখন দেখবেন, তখন আপনি ছবিতে সেই সমস্ত কঠোর পরিশ্রম দেখতে পাবেন। এখন সেই অতিরিক্ত ওজন কমিয়ে ‘মহারাজ মোড’-এ ঢোকার জন্য কঠিন পরিশ্রম করছেন তিনি। রাজকুমারের কথায়, আমাদের সবার প্রিয় দাদার চরিত্রে অভিনয়ের জন্য এই শারীরিক রূপান্তর অত্যন্ত জরুরি ছিল।
এই বায়োপিকের প্রস্তুতির অংশ হিসেবে পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে সম্প্রতি তাঁর পুরো টিম নিয়ে কলকাতায় আসেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশন ঘুরে দেখেন এবং বাস্তবসম্মতভাবে গল্পটি তুলে ধরার জন্য রেকি করেন।
সব মিলিয়ে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের উত্থান-পতনের গল্প বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। ক্রিকেট মাঠে তাঁর আগ্রাসী নেতৃত্ব থেকে শুরু করে ভারতীয় দলের ইতিহাসে তাঁর অমর অবদান- সবই এই ছবিতে ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে।
.jpeg)
No comments:
Post a Comment