নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। জোরকদমে চলছে প্রচার পর্ব। সোমবার মুর্শিদাবাদের জলঙ্গিতে সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই হাইভোল্টেজ জনসভা ঘিরে সাজ সাজ রব জলঙ্গিতে, কড়া নিরাপত্তা বলয়।
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। জলঙ্গি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবর আলীর সমর্থনে নির্বাচনী প্রচারে আজ এখানে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্বাগত জানাতে ও জনসভাকে সফল করতে জলঙ্গির সাদিখানদেয়ার স্কুল ময়দানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।
দলীয় সূত্রে খবর, আজ জনসভা থেকেই তিনি বিরোধী দলগুলিকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি এলাকার উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন। তৃণমূল প্রার্থীর সমর্থনে উপচে পড়া ভিড় সামলাতে মাঠের আয়োজনে কোনও খামতি রাখছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মঞ্চ সাজানোর কাজ—সবই এখন সমাপ্তির পথে।
এদিকে, এই হাইপ্রোফাইল সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে প্রশাসন। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবার থেকেই সাদিখানদেয়ার স্কুল মাঠ ও এর পার্শ্ববর্তী এলাকা পুলিশি নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জনসভাস্থলে আগত মানুষের ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকাল থেকেই পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এলাকায় নজরদারি চালাচ্ছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে কেন্দ্র করে জলঙ্গির তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আজ দুপুরে জনসভাস্থলে মানুষের ঢল নামবে বলেই আশাবাদী স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

No comments:
Post a Comment