নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলের মিছিলে বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের পোলেরহাট থানার সাতুলিয়ার তেঁতুলতলা এলাকায়। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে। গভীর রাত পর্যন্ত ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই, দাবী আইএসএফের।
এদিন রাতে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা খাইরুল ইসলামের নেতৃত্বে সাতুলিয়া এলাকায় একটি মিছিলের আয়োজন করা হয় দলীয় প্রার্থীর শওকত মোল্লার সমর্থনে। অভিযোগ, মিছিলটি সাতুলিয়া মাদ্রাসা ও তেঁতুলতলার কাছে পৌঁছলে মিছিল লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা মারা হয়। অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে পোলেরহাট থানার বিশাল পুলিশ ও কেন্দ্র বাহিনী দ্রুত এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুটি বোমা ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। যদিও আইএসএফের পক্ষ থেকে দাবী করা হচ্ছে নিজেরা বোমা মেরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে তৃণমূল। এর সঙ্গে আইএসএফের কোনও যোগ নেই।
নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সুর ছড়িয়ে তৃণমূল নেতা খাইরুল ইসলাম বলেন, "বোমা শিল্প তৈরি করে, বোমা মেরে তৃণমূল কর্মীদের দমিয়ে রাখা ও ভয় পাওয়ানো যায় না। এখনও সময় আছে নিজেকে শুধরে নাও। এই শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করলে ফল ভালো হবে না। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।" নওশাদের উদ্দেশ্যে তাঁর বার্তা, "তোমার ভক্তদের সাবধান করে দাও, এখনও সময় আছে।"
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। স্থানীয় আইএসএফ কর্মীর দাবী, এটা সম্পূর্ণ শাসক দলের মিথ্যাচার। তাঁর পাল্টা অভিযোগ, খাইরুলের নেতৃত্বে বাইরে থেকে লোক এনে বোমাবাজি করা হয়েছে। বোম-বন্দুকের রাজনীতি তাঁরা করেন না।

No comments:
Post a Comment