হাওড়া: দ্বিতীয় দফার ভোটের আগেই ফের রক্তক্ষরণ হুমায়ূন কবীরের দলে। দলত্যাগ করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী। শুধু তাই নয়, দল ছাড়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসেও যোগ দিয়েছেন তিনি। শনিবার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শেখ হাবিব দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
শেখ হাবিব আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এমনকি বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছিলেন। কিন্তু শনিবার আচমকাই নিজের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনি। এদিন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পুলক রায়ের কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। এদিন উলুবেড়িয়া কলেজের নিকটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। হুমায়ূনের দলত্যাগী শেখ হাবিবকে দলে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী পুলক রায়।
দলে যোগ দিয়েই শেখ হাবিব জানান, উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তাঁর এই সিদ্ধান্ত। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তথা দলত্যাগী শেখ হাবিব বলেন, "হুমায়ূন কবীর বিজেপির টাকায় বিক্রি হয়েছে এবং মুসলিম সমাজের মানুষের সাথেই বেইমানি করছেন। সেটা বুঝতে পেরে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং সেই সঙ্গে এখন থেকেই উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুলক রায়ের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলাম।"
এই বিষয়ে রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন, "মানুষ উন্নয়ন চায়, মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষকে ধরে রাখতে পারা যায় না। তাই আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শেখ হাবিব দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।" তাঁর কথায়, "মা-মাটি-মানুষের সরকার ১৫ বছর ধরে রাজ্যের উন্নয়ন করে চলেছে এবং আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য দুই শত আসন নিয়ে মন্ত্রীসভা গঠন করবেন।"
উল্লেখ্য, প্রথম দফায় ভোটের আগেও হুমায়ূন কবীরের দলে ভাঙন দেখা যায়। একাধিক প্রার্থী আম জনতা উন্নয়ন দল ত্যাগ করে অন্য দলে যোগ দেন। আর দ্বিতীয় দফায় ভোটের আগে ফের প্রার্থীর দলবদল। এটা হুমায়ূন কবীরের দলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রসঙ্গত, এদিনের এই যোগদান অনুষ্ঠানে মন্ত্রী পুলক রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শেখ রাহী, হাওড়া গ্ৰামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ ব্যানার্জি, সেলিম মোল্লা-সহ অন্যান্যরা।

No comments:
Post a Comment