জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি, সপ্তাহ শেষে আবহাওয়ার বিরাট পরিবর্তন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 10, 2026

জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি, সপ্তাহ শেষে আবহাওয়ার বিরাট পরিবর্তন


কলকাতা: স্বস্তির আবহাওয়ার অবসান। শুক্রবার থেকেই বাংলায় আবারও চড়তে শুরু করছে তাপমাত্রার পারদ। কলকাতায় একধাক্কায় প্রায় ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার ও মঙ্গলবার বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ থেকে সামান্য বৃষ্টি হতে পারে। তবে তাতে আরাম নয় উল্টে বৃষ্টি থামলেই বাড়বে অস্বস্তিকর গরম।


কলকাতায় একধাক্কায় প্রায় ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রি কম (২৬.৬ ডিগ্রি) ছিল, শুক্রবার তা বেড়ে পৌঁছে যেতে পারে ৩২ ডিগ্রিতে। রবিবারের মধ্যে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর আশঙ্কা করা হচ্ছে।


আর শুধু গরমই নয়, বাড়তে থাকা জলীয় বাষ্পের কারণেও অস্বস্তি চরমে উঠবে। কলকাতায় এই মুহূর্তে আর্দ্রতা প্রায় ৮০ শতাংশ, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৯৮ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। প্যাচপ্যাচে গরমে অস্বস্তি বাড়বে জনসাধারণের। রোদ ঝলমলে আকাশের পাশাপাশি চৈত্রের তীব্র দহন বাড়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। 


শুক্রবার পার্বত্য জেলাগুলি ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা নদীয়া ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। 


অন্যদিকে উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট চলবে। সেই সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এর পাশাপাশি মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার থাকতে পারে। 


হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। সপ্তাহ শেষে বৃষ্টির দাপট কমবে। সেইসঙ্গে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। 

No comments:

Post a Comment

Post Top Ad