বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা! প্রতিবাদে বিক্ষোভ পদ্ম শিবিরের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 11, 2026

বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা! প্রতিবাদে বিক্ষোভ পদ্ম শিবিরের


নিজস্ব সংবাদদাতা, নদিয়া,১১ এপ্রিল ২০২৬: রাজ্যে ২৩ এপ্রিল প্রথম দফা ভোট। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আর ভোট শুরুর আগেই হামলা-মারধর ঘিরে উত্তেজনা। নবদ্বীপের বিজেপি প্রার্থীর গাড়িতে হঠাৎ হামলা। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নদিয়ার নবদ্বীপ থানার ব্যাদরাপাড়া গুমটি এলাকায়। নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী এলাকায় প্রচারে যাওয়ার সময় তাঁর গাড়ির ওপর আচমকা হামলা চালায় দুই দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। যদিও ঘটনার সময় বিজেপি প্রার্থী গাড়িতে ছিলেন না। তবে, প্রার্থীর গাড়ির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ।


এই ঘটনার প্রতিবাদে দ্রুত রাস্তায় নামেন পদ্ম শিবিরের কর্মী-সমর্থকরা। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে তাঁরা পথ অবরোধ এবং নবদ্বীপ থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন বিজেপির পথ অবরোধের ফলে এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।


বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই ধরণের হামলা চালানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


অপরদিকে, ফালাকাটা বিধানসভার বিজেপি প্রার্থীর প্রচারেও হামলার অভিযোগ ওঠে। এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে আহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও অল্পের জন্য রক্ষা পান প্রার্থী। তবে, ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাটি ঘটেছে ফালাকাটার পশ্চিম দেওগাঁও-এর তিন নম্বর স্কুল সংলগ্ন এলাকায়। এই ঘটনায় লিখিত অভিযোগ করা হবে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবীতে অবস্থানেও বসে পড়েছিলেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad