কলকাতা: হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শনিবার রাতে মিন্টো পার্কের হাসপাতালের বাইরে দাঁড়িয়ে একথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবী, হাসপাতাল কর্তৃপক্ষকে 'থ্রেট' করা হচ্ছিল। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
তাঁর অভিযোগ, বিজেপি হাসপাতালগুলোতে অভিষেককে ভর্তি না নিতে চাপ দিয়েছে বিজেপি। 'মারবে আবার হাসপাতালেও ভর্তি হতে দেবে না?'- প্রশ্ন মমতার। তিনি বলেন, 'এই পরিবর্তন বাংলার মানুষ চাননি, যেখানে অসুস্থ মানুষের চিকিৎসা হয় না।'
মমতা বলেন, 'রাহুল গান্ধী ফোন করেছিলেন। তিনি বলেছেন অসুবিধা হলে ফোন করতে। প্রয়োজনে হায়দ্রাবাদে নিয়ে যাবেন অভিষেককে। কিন্তু মমতা জানান, অভিষেকের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়।' তিনি আরও জানান, অখিলেশ, বেনুগোপাল সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতৃত্বও ফোনে খোঁজখবর নিয়েছেন। পাশে থাকার বার্তা দিয়েছেন।
শনিবার বিকেলে সোনারপুরে আক্রান্ত হওয়ার পরে অভিষেককে প্রথমে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে অভিষেকের চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ তোলেন মমতা। তৃণমূল সাংসদকে ওই হাসপাতাল থেকে বার করে অন্য হাসপাতালে নিয়ে যান তৃণমূল সুপ্রিমো।
তিনি বলেন, “আমরা এখান থেকে শিফ্ট করছি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। ওপর থেকে বলে দিয়েছে ট্রিটমেন্ট না করতে।” মমতার অভিযোগের প্রেক্ষিতে বাইপাসের ধারের ওই হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। তাঁদের বক্তব্য, যাঁরা অভিযোগ করছেন, তাঁরাই এই বিষয়ে বলতে পারবেন।
এরপর মিন্টো পার্কের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিষেককে। সেখানেও প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়ে দেন, অভিষেকের আঘাত এতটা গুরুতর নয়। তাঁকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রিপশনে লিখে তাঁকে ডিসচার্জ করে দেওয়া হয়। এরপর হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, “বিজেপি সরকারের আচরণে আমি খুবই স্তম্ভিত এবং দুঃখিত। ওরা এক মাসও হয়নি ক্ষমতায় এসেছে। পুলিশ প্রশাসনকে নিয়ে ওরা সব হাসপাতাল এবং নার্সিং হোম কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি না নেওয়া হয়।” তিনি আরও বলেন, “চিকিৎসকদের পরামর্শ মতো আইটিইউ-তে ভর্তি করানো হয়েছিল। তাঁরা অভিষেককে দেখেন।” এরপরে মোবাইলের স্ক্রিন ঘুরিয়ে কিছু নথিও দেখানোর চেষ্টা করেন মমতা।
মমতার পাশে ডেরেকও ছিলেন তখন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ বলেন, "হাসপাতালের তথ্য অনুযায়ী, রাত ৮টা ৫ মিনিটে অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রাত ১১টায় তিনি হাসপাতাল থেকে চলে যান। তাঁকে আইটিইউ-তে দেখা হয়। কিছু প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করানোর কথা বলা হয়েছে হাসপাতাল থেকে।"
এরপর মমতা জানান, অভিষেককে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই হাসপাতালের মত ব্যবস্থা করা হবে। এরপর অভিষেককে কালীঘাটের বাড়িতে নিয়ে আসা হয়।

No comments:
Post a Comment