রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে লাভলী! কী নালিশ তৃণমূল প্রার্থীর? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 1, 2026

রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে লাভলী! কী নালিশ তৃণমূল প্রার্থীর?

 


দক্ষিণ ২৪ পরগনা: ভোট মিটলেও উত্তেজনা কমার নাম নেই। এবারে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় বিরুদ্ধে নির্বাচন কমিশন ও সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলী মৈত্র। অভিযোগ, কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৬৭ নম্বর বুথে ভোট গ্রহণ শেষ হওয়ার পর বুথে প্রবেশ করেন বিজেপি প্রার্থী। 


নিয়ম অনুযায়ী ভোট শেষের পর প্রার্থী বা বহিরাগত কারও বুথে প্রবেশের অধিকার নেই। রূপা গঙ্গোপাধ্যায়কে বুথে ঢুকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের এজেন্ট ও কর্মীরা। তাঁরা বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে প্রবল কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। মুহুর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখানো হলে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। 


তৃণমূলের দাবী, শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানো সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী অতর্কিতে লাঠিচার্জ শুরু করে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী ও স্থানীয় গ্রামবাসী আহত হয়েছেন বলে দাবী লাভলী মৈত্রর। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন লাভলী মৈত্র।


তৃণমূল প্রার্থী বলেন, "ভোেট শেষ হওয়ার পর রূপা গঙ্গোপাধ্যায় কোন উদ্দেশ্যে বুথে ঢুকলেন? এটা সম্পূর্ণ বেআইনি। আমাদের কর্মীরা প্রতিবাদ করায় কেন্দ্রীয় বাহিনী বর্বরোচিতভাবে লাঠি চালিয়েছে। আমরা কমিশনের কাছে এর বিচার চেয়েছি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।" ঘটনা আর নিরপেক্ষ তদন্ত দাবী করেছেন তৃণমূল প্রার্থী। 


অন্যদিকে, বিজেপি শিবিরের পক্ষ থেকে পাল্টা দাবী, বুথে কারচুপির খবর পেয়েই প্রার্থী সেখানে গিয়েছিলেন এবং তৃণমূলের কর্মীরাই পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছিলেন।'


কমিশন ও পুলিশ এই ঘটনায় কী পদক্ষেপ করে, সেটার উত্তর সময়ের অপেক্ষা। তবে, এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad