কলকাতা: গরম কাটিয়ে বৃষ্টির মুখ দেখেছে রাজ্যবাসী। তবে, এই ঝড়জল থেকে নিস্তার নেই এখনই। কলকাতা সহ সমগ্র বঙ্গবাসীকে আবহাওয়ার এই পরিবর্তন কিছুদিন সইতে হবে। আজ মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে ঝড়-বৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে। সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আর এই দুর্যোগের আসল কারণ হল ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা একই রূপ দেখা যাবে আবহাওয়ার।
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার অপর অবস্থিত ঘূর্ণাবর্তটি সক্রিয় হয়ে রয়েছে। এছাড়া অপর একটি ঘূর্ণাবর্ত ওড়িশা এবং সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছেন। সেইসঙ্গে দক্ষিণ ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে যা অভ্যন্তরীণ ওড়িশা ও সংলগ্ন একায় ঘূর্ণাবর্ত, গাঙ্গেয় পশ্চিমবং এবং মেঘালয়ের অপর দিয়ে প্রসারিত।
দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই আজ ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে। আবহাওয়া দফতর কয়েকটি জেলাকে 'হাই-অ্যালার্ট' জোনে রেখেছে। এদিন প্রবল ঝড় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। এই জেলাগুলিতে কমলা সর্তকতা সঙ্গে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তিলোত্তমায়। আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আগামী কয়েক ঘন্টায় বৃষ্টির তেজ আরও বাড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গ জুড়েও বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে তিন জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। পাশাপাশি, দার্জিলিং-সহ বাদবাকি জেলাগুলিতে ৫০ কিলোমিটার বেগে হাওয়া এবং ঝড়ের ভ্রুকুটি রয়েছে।

No comments:
Post a Comment