ন্যাশনাল ডেস্ক, ২৭ মে ২০২৬: দিনের পর দিন চড়ছে তাপমাত্রার পারদ। গরমে ওষ্ঠাগত প্রাণ। দেশের বিভিন্ন প্রান্তে মাত্রা ছাড়াচ্ছে তাপমাত্রা। এই আবহে দেশবাসীকে সতর্কতা অবলম্বনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সমাজমাধ্যমে এই বিষয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে গরমে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি প্রচণ্ড এই গরমে অন্যান্য মানুষ থেকে শুরু করে পশুপাখিদের বিষয়ে নজর দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী লিখেছেন, "দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং এর সাথে সাথে তাপজনিত দৈনন্দিন জীবনের নানা অসুবিধাও বাড়ছে। আমি সকল দেশবাসীকে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। অনুগ্রহ করে শরীরকে আর্দ্র রাখুন এবং বাড়ি থেকে বের হওয়ার সময় সাথে জল রাখুন। এমন আবহাওয়ায় আপনার সংবেদনশীলতাও অনেক বড় সহায়ক হয়ে ওঠে। সম্ভব হলে, কোনও তৃষ্ণার্ত ব্যক্তিকে এক গ্লাস জল পান করতে দিন। আমি তাঁদেরও প্রশংসা করি, যারা তাদের বাড়ি এবং দোকানের বাইরে জলের পাত্র রাখেন যাতে যে কেউ তা থেকে জল পান করতে পারেন।"
তাঁর পরামর্শ, "প্রচণ্ড গরমে সৃষ্ট কোনও অস্বস্তি, যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব বা অতিরিক্ত ক্লান্তি উপেক্ষা করবেন না। আপনার আশেপাশে কেউ যদি হঠাৎ অজ্ঞান প্রায় অবস্থা, দুর্বল বা অসুস্থ বোধ করেন, তবে অবিলম্বে তাঁকে শীতল ও ছায়াযুক্ত স্থানে নিয়ে যান। আরাম দেওয়ার জন্য তাঁকে জল, ওআরএস বা অন্যান্য তরল পান করান। শিশু, বয়স্ক এবং যারা রোদে কাজ করেন তারা এই তীব্র গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। সময়মতো ব্যবস্থা না নিলে, এই অবস্থা হিটস্ট্রোকের মতো গুরুতর সমস্যায় পরিণত হতে পারে। এমন সময়ে আপনার সতর্কতা এবং যত্ন একটি জীবন বাঁচাতে পারে।"
"যখনই সম্ভব, আপনার বাবা-মা, দাদু-দিদা, ঠাকুরদা-ঠাকুরমা এবং অন্যান্য প্রিয়জনদের ফোন করে তাঁদের কুশল জানতে চান। তাঁদের প্রচুর পরিমাণে জল পান করতে, প্রখর দুপুরে বাইরে যাওয়া এড়াতে এবং যথাসম্ভব বিশ্রাম নিতে পরামর্শ দিন", বার্তা প্রধানমন্ত্রী মোদীর।
তিনি আরও লিখেছেন, এই প্রচণ্ড গরমে আমাদের চারপাশের পশুপাখিদের কথা ভুলে গেলে চলবে না। আপনার বাড়ি, বারান্দা, ছাদ, দোকান বা অফিসের বাইরে রাখা এক ছোট পাত্র জলও একটি তৃষ্ণার্ত পাখির জন্য জীবন রক্ষাকারী হতে পারে। আসুন, এই কঠিন সময়ে আমরা পরম সংবেদনশীলতা ও সহানুভূতির সাথে একে অপরের যত্ন নিই।"

No comments:
Post a Comment