পুলিশের নাক ফাটিয়ে গ্ৰেফতার তৃণমূল কাউন্সিলর! - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 7, 2026

পুলিশের নাক ফাটিয়ে গ্ৰেফতার তৃণমূল কাউন্সিলর!

 


হুগলি: অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে অশান্তি। এরই মাঝে পুলিশের সঙ্গে বচসা-হাতাহাতি। নাক ফাটল এক পুলিশ আধিকারিকের। মেরে ওই পুলিশ আধিকারিকের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে পাঠানো হয় শ্রীরামপুর আদালতে। ধৃত তৃণমূল কাউন্সিলরের নাম রাজেশ শা ওরফে কুকুয়া। 


পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীরামপুর টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালা বন্ধ ছিল। বৃহস্পতিবার সেই তালা খুলতে যায় শ্রীরামপুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। অভিযোগ, সেখানে পৌঁছতেই শ্রীরামপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শা ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন।পুলিশের সঙ্গে এই নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় তৃণমূল কাউন্সিলর আচমকাই নটরাজ নামে একজন এএসআই-এর নাকে ঘুষি মারে। তাঁর নাক ফেটে রক্ত পরতে থাকে। এই ঘটনার পরেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ। রাজেশ শা-সহ তার দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়। আহত পুলিশ কর্মীর চিকিৎসা করানো হয় হাসপাতালে।


শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, 'পুলিশ কোন রং না দেখে ব্যবস্থা নেবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই আমরা চাই।পুলিশ তার জন্য কাকে জিজ্ঞাসাবাদ করবেন, কাকে গ্রেফতার করবেন সেটা তাদের ব্যাপার। এখানে আমরা কোনও হস্তক্ষেপ করব না। মানুষ চায় শান্তি। এলাকায় যেন শান্তি প্রতিষ্ঠা থাকে।'


অন্যদিকে তৃণমূল কাউন্সিলর রাজেশকে বৃহস্পতিবার শ্রীরামপুর থানা থেকে আদালতে পেশ করা হয়। আদালতে যাওয়ার পথে তিনি বলেন, 'পাড়ায় সমাধানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছিল। সেটা দখল নিতে চেয়েছিল বিজেপি-সিপিএম। এই নিয়ে একটা ঝামেলা হয়। কিন্তু কারও গায়ে হাত দিইনি। আমি আর আমার স্ত্রীর ওয়ার্ডে লিড হয়েছে, তাই সেই রাগ থেকে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হল।'

No comments:

Post a Comment

Post Top Ad