নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতাদের যেন শনির দশা চলছে। এবারে পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন বিধায়কের ভাই। পুরোনো একটি খুনের চেষ্টার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় তৃণমূল পরিচালিত আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের প্রাক্তন বিধায়কের ভাই আনিসুর রহমানকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।
স্থানীয় এবং পুলিশ সূত্রের খবর, ২০২৪ সালের ২৮ আগস্ট আমডাঙার খুড়িগাছি গ্রামে গুলি, বোমাবাজির ঘটনা ঘটেছিল। অভিযোগ, স্থানীয় বাসিন্দা নাসিরউদ্দিন মণ্ডলের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বাড়ির সামনে বোমাবাজির পাশাপাশি দুষ্কৃতীরা নাসিরউদ্দিন মণ্ডলকে লক্ষ্য করে গুলি করেছিল বলেও অভিযোগ। একটা গুলি তাঁর শরীরে লাগে। জখম অবস্থায় তাঁকে বারাসত হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন।
নাসিরের স্ত্রী তাসলিমা বিবি আমডাঙা থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তালিকার ১৩ নম্বরে নাম ছিল আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমানের। তিনি আবার আমডাঙা কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক রফিকুর রহমানের ভাই।
অভিযোগের ভিত্তিতে ৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু আনিসুর সহ আরও ৫ জন ফেরার ছিল।আমডাঙা পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি হওয়ায় এমনিতেই ব্লকে তাঁর দাপট ছিল। তাঁর দাদা রফিকুর রহমান আবার বিধায়ক ছিলেন ফলে পুলিশ তাঁর টিকি ছুঁতে পারেনি। তসলিমার অভিযোগ ছিল, আনিসুরের মদতেই গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযোগের পরে বারাসত আদালতে আগাম জামিনের আবেদনও করেন আনিসুর রহমান। কিন্তু সেই আবেদন নাকচ হয়েছে। এরপর আনিসুররা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টে। সেখানেও জামিনের আবেদন নাকচ করেছিলেন বিচারক।
আশানুরূপ ফল না হওয়ায় আনিসুর দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। সেখানেও ২০২৫ দলের ৪ ফেব্রুয়ারি আনিসুরের আগাম জামিন নাকচ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। তৃণমূলের জমানায় আমডাঙার দাপুটে তৃণমূলের নেতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কিন্তু পালাবদল হতেই এদিন সন্ধ্যায় দুই বছর আগের পুরোনো ওই মামলায় আমডাঙা থানার পুলিশ গ্রেফতার করল পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমানকে।
আমডাঙা থানার পুলিশ জানিয়েছে,পুরোনো একটি মামলায় ধৃতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।তাঁকে এদিন গ্রেফতার করা হয়েছে। শনিবার তোলা হবে বারাসত আদালতে। একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেন নি আমডাঙ্গার প্রাক্তন বিধায়ক রফিকুর রহমান।
বর্তমান বিধায়ক কাশেম সিদ্দিকী বলেন,"বিষয়টি শুনেছি।কিন্তু বিস্তারিত কিছু জানি না।" নাসিরউদ্দিনের স্ত্রী তসলিমা বিবি বলেন,"শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এটাই স্বস্তির। এতদিনের লড়াই সার্থক হল। আমরা ওর কঠোর শাস্তি চাই।"

No comments:
Post a Comment