'বন্ধুত্ব সবার সাথে করা উচিৎ না', ব্যক্তিগত জীবন নিয়ে অকপট সুধার 'তেজ' ওরফে অভিনেতা হানি বাফনা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 30, 2026

'বন্ধুত্ব সবার সাথে করা উচিৎ না', ব্যক্তিগত জীবন নিয়ে অকপট সুধার 'তেজ' ওরফে অভিনেতা হানি বাফনা


বিনোদন ডেস্ক, ৩০ মে ২০২৬: ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ অভিনেতা হানি বাফনা। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা হানি প্রথম দিকে জুনিয়র আর্টিস্ট বা ছোট চরিত্রে কাজ করে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। কাজের প্রতি নিষ্ঠা ও অদম্য পরিশ্রমের ফলেই আজ তিনি ছোট পর্দার প্রথম সারির অভিনেতাদের একজন হয়ে উঠেছেন।


সম্প্রতি একেবারে নতুন স্বাদের গল্প নিয়ে ছোট পর্দায় কামব্যাক করেছেন হানি বাফনা। স্টার জলসার পর্দায় ২০ মে থেকে শুরু হয়েছে তাঁর নতুন মেগা ধারাবাহিক 'বাবলি সুন্দরী'। প্রতি সোম থেকে রবি ঠিক সন্ধ্যে ৬টায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি। প্রচলিত সৌন্দর্যের বাঁধাধরা ছককে চ্যালেঞ্জ জানাতে এবং এক মেয়ের নিজস্বতায় অটল থাকার গল্প বলতে তৈরি নতুন এই ধারাবাহিক। হানি বাফনার বিপরীতে জুটি বেঁধেছেন নবাগতা অভিনেত্রী তথা নৃত্যশিল্পী স্নেহা মুখোপাধ্যায়, যিনি 'ড্যান্স বাংলা ড্যান্স' রিয়্যালিটি শো-এর মাধ্যমে এর আগে পরিচিতি পেয়েছিলেন।



সম্প্রতি এই নতুন ধারাবাহিকের একটি বিশেষ সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও সম্পর্কের সমীকরণ নিয়ে অত্যন্ত খোলাখুলি কথা বলেছেন অভিনেতা হানি বাফনা। তিনি স্পষ্ট জানান যে, জোর করে কখনও সম্পর্ক বা বন্ধুত্ব তৈরি করা যায় না। সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "বন্ধুত্ব সবার সাথে করা উচিৎ না। ওটা হয়ে গেলে ভালো, কিন্তু জোর করে কারো সাথে বন্ধুত্বে আমি বিশ্বাসী নই। আমি চট করে সবার সাথে মিশি না; আমার যাকে মনে হয়, আমি তার সাথে মিশি আর সময়ের সাথে সাথে সেটা আপনা আপনি হয়ে যায়। বন্ধুত্বটা জোর করে চেয়ে হয় না।” 


তিনি আরও বলেন, "যদি মনে হয় কারো সাথে আমি বন্ধুত্ব করতে পারব, তাহলে তার সাথে সেটা আপনা আপনি হয়ে যায়। জোর করে আমাকে কেউ পছন্দ করুক, সেটা আমি কখনও চাই না।” অভিনেতার এই স্পষ্টবাদী ও বাস্তবসম্মত জীবনদর্শন কিছু অনুরাগীদের মন জয় করে নিয়েছে আবার অনেকেই এ বিষয়টা একেবারে স্বাভাবিকভাবে নেননি।


উল্লেখ্য, বাবলি সুন্দরী ধারাবাহিকটির গল্পে হানি বাফনাকে একদম অন্যরকম এবং বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যাচ্ছে। এই মেগায় তিনি অভিনয় করছেন এক একাকী বাবার চরিত্রে। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে তাঁর স্ত্রীর আকস্মিক মৃত্যু হয়, যা তাঁর জীবনকে ওলটপালট করে দেয়। মায়ের মৃত্যুর জন্য বড় মেয়ে নিজের বাবাকে দায়ী করে। এই শূন্যতার মাঝেই গল্পে এন্ট্রি ঘটে পেশায় স্ট্যান্ড-আপ কমেডিয়ান বাবলির। বাবলি সমাজের চোখে তথাকথিত 'সুন্দরী' না হলেও, মনের দিক থেকে অত্যন্ত সহজ এবং প্রাণোচ্ছ্বল। এই ভাঙা পরিবারে বাবলি কীভাবে নিজের হাসির ছটায় নতুন আলো নিয়ে আসবে তা নিয়েই এগিয়ে চলেছে 'বাবলি সুন্দরী'-র মূল গল্প।


২০১৪-১৫ সাল নাগাদ ছোট পর্দায় পথ চলা শুরু করলেও হানির কেরিয়ারের মোড় ঘোরে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'বকুল কথা'-তে ঋষি রায়ের চরিত্রে। তারপর স্টার জলসার পিরিয়ড ড্রামা 'প্রথম কাদম্বিনী'-তে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় তাঁর অভিনয় দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নেয়। পরবর্তীতে 'গ্রামের রাণী বীণাপাণি', 'সোহাগ জল' এবং সোনামণি সাহার বিপরীতে 'শুভ বিবাহ'-র মতো একের পর এক সফল ধারাবাহিকে মুখ্য চরিত্রে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি। শুভ বিবাহতে সুধার 'তেজ' চরিত্রে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা হানি বাফনা।

No comments:

Post a Comment

Post Top Ad