উত্তর ২৪ পরগনা: সরকারি নথি পুড়িয়ে ফেলার অভিযোগে গ্রেফতার অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের। শুক্রবার গভীর রাতে তৃণমূল পুরপ্রধানকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এদিন রাতে হঠাৎ করে পুরপ্রধান প্রবোধ সরকারের বাড়ির ভেতর থেকে ধোঁয়ার গন্ধ বেরোতে থাকে। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান বেশ কিছু নথিপত্র ঘরের পেছনে পোড়ানো হচ্ছে। খবর চাউর হতেই আরও বেশ কিছু স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী-সমর্থকরা প্রবোধ সরকারের বাড়িতে জড়ো হয়ে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেন। স্থানীয় মানুষ-সহ বিজেপি নেতৃত্বরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও প্রথমে ঘর থেকে বের হননি পুরপ্রধান। এরপরই খবর দেওয়া হয় অশোকনগর থানার পুলিশকে। পুলিশ এসে অবশেষে পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকে।
বিজেপি কর্মীদের একাংশ জল দিয়ে অর্ধপোড়া অবস্থায় নথিগুলো নেভানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে বাইরে এসে পুরপ্রধান দাবী করেন, কেবল শুকনো পাতা পোড়ানো হচ্ছিল। যদিও বিজেপি নেতৃত্বের অভিযোগ, পাতা নয় পুরসভা ও বিভিন্ন সরকারি নথি-সহ পরিচয়পত্র পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল।
এরপর চেয়ারম্যান প্রবোধ সরকারকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এদিন রাতেই লিখিত অভিযোগ দায়ের হয় প্রবোধ সরকারের নামে। পুলিশ পরবর্তীতে তাঁকে গ্রেফতার করে। সরকারি তথ্য লোপাট ও পোড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
ঘটনার সঠিক তদন্তের দাবী করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে আবাস যোজনা দুর্নীতি-সহ একাধিক অভিযোগ উঠেছিল আগেই। সেই দুর্নীতির প্রমাণ লোপাটের জন্যই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। আজ শনিবার তাঁকে পুলিশের হেফাজতে চেয়ে বারাসত আদালতে পাঠানো হবে।

No comments:
Post a Comment