প্রাক্তন মন্ত্রীর গড়ে ১৭৩ 'লক্ষ্মী পুরুষ'! - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, June 3, 2026

প্রাক্তন মন্ত্রীর গড়ে ১৭৩ 'লক্ষ্মী পুরুষ'!


নিজস্ব সংবাদদাতা, নদিয়া: লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগ দিকে দিকে। এবারে এই প্রকল্পে বড়সড় দুর্নীতির হদিশ নদিয়ার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্বল বিশ্বাসের বিধানসভা কেন্দ্র ধুবুলিয়ায় এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এক বা দুই নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় রয়েছে ১৭৩ জন পুরুষের নাম। ইতিমধ্যেই তাদের চিহ্নিত করে তালিকা থেকে নাম বাতিলের জন্য জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন কৃষ্ণনগর ২ ব্লকের বিডিও। 


জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অন্নপূর্ণা ভাণ্ডারে পরিবর্তন করতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এরপরই নজর আসে বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় রয়েছে পুরুষদের নাম। জানা গিয়েছে, শুধুমাত্র কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ২ ব্লক তথা প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকায় পর্যন্ত ১৭৩ জন 'লক্ষ্মী পুরুষের' হদিশ মিলেছে।  


অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই এই নামগুলো লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে টাকাও পাঠানো হয়েছে। এই কাজ করেছেন বিডিও অফিসের কর্মী ভোলা শীল। যদিও তাকে ইতিপূর্বে বিডিও অফিস থেকে শোকজ করা হয়েছে। এবিষয়ে নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী জানান, ইতিমধ্যেই ভোলা শীল নামে ওই কর্মীকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যে সমস্ত অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো প্রত্যেকটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আমরা অফিসিয়ালি তদন্ত করছি, এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা ভোলা শীল। তার পরিবারের লোক জানিয়েছেন, তিনি চিকিৎসার জন্য কলকাতায় ডাক্তার দেখাতে গেছেন। পাশাপাশি অভিযুক্তের মায়ের দাবী, ছেলে তৃণমূল করেন বলেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad