নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, ১৩ জুন: আর মাত্র একদিন পরেই ছিল বিয়ে। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, আত্মীয়-স্বজনদের আনাগোনায় মুখর ছিল পরিবার। কিন্তু সেই আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হল শোকে। প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার কনের দেহ। শনিবার সকালে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জামগড়া এলাকায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।
এদিন এখানকার একটি গাছ থেকে এক যুবক ও এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদের নাম বিউটি বাগদি (১৯) ও সুকুমার বাগদি (২৩)। পুলিশ সূত্রে জানা গেছে, সুকুমারের বাড়ি অন্ডালের দক্ষিণখণ্ড এলাকায় এবং বিউটির বাড়ি জামগড়ায়। তাঁদের দীর্ঘদিনের প্রেম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবাসতেন বিউটি ও সুকুমার। তবে, সুকুমার বিবাহিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে বিউটির বিয়ে অন্যত্র ঠিক করা হয়। রবিবারই ছিল বিউটির বিয়ের দিন। কিন্তু নতুন জীবনের সূচনার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা একটি গাছে তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাঁরা দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিউটির আত্মীয় বিধান বাগদি জানান, “দীর্ঘদিন ধরে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সুকুমার বিবাহিত হওয়ায় পরিবারের তরফে বিউটির বিয়ে অন্যত্র ঠিক করা হয়েছিল। রবিবার বিয়ে হওয়ার কথা ছিল। তার আগেই এই ঘটনা ঘটে গেল।”
প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই ঘটনার প্রকৃত রহস্য স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার ও গোটা এলাকাজুড়ে।

No comments:
Post a Comment