কলকাতা: এবার আইনি বিপাকে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক আইনজীবী। ২০২৪ সালের আগস্ট মাসে আরজি কর কাণ্ডের আবহে একাধিকবার নিহত নির্যাতিতার নামোল্লেখ করেছিলেন তৃণমূলের তারকা সাংসদ। সেই প্রেক্ষিতেই এই অভিযোগ।
আরজি করের নৃসংশ ঘটনার কলকাতা তো বটেই, গোটা রাজ্য জুড়ে শুরু হয় জোরাল প্রতিবাদ। আর শুধু রাজ্য কেন, দেশ ছাড়িয়ে বিদেশেও আছড়ে পড়ে প্রতিবাদের ঢেউ। এই ঘটনার প্রতিবাদ মানুষ যেমন পথে নামেন, তেমনই সমাজমাধ্যমেও সরব হন বহু মানুষ। সাধারণ মানুষ থেকে তারকা, সকলের গলার ছিল এক সুর। সকলেই নির্যাতিতার বিচার চেয়েছিলেন। সেই সময় অভিনেত্রী রচনা বন্দ্যেপাধ্যায় একটি ভিডিও পোস্ট করেন সমাজমাধ্যম। যেখানে মেয়েদের নিরাপত্তা নিয়ে সরব হতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আরজি করের ঘটনা উল্লেখ করে তিনি এই ভিডিওটি করেন। কথা বলতে বলতে কেঁদেও ফেলেছিলেন তৃণমূলের তারকা সাংসদ। আবেগতাড়িত হয়ে পড়েন তিনি আর সেই সময় তিনি নির্যাতিতার নামও উল্লেখ করে ফেলেন। যা আইনত দণ্ডনীয় অপরাধ বলেই অভিযোগে বলা হয়েছে।
অভিযোগকারীর দাবী, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ আইনবিরুদ্ধ কাজ করেছিলেন। অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ইতিমধ্যেই চারু মার্কেট থানার পুলিশ ওই অভিযোগ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট মর্মে যাতে এফআইআর দায়ের করা হয় সেপ্রসঙ্গেও পুলিশের সঙ্গে ওই আইনজীবীর কথা হয়েছে বলে খবর।
এদিন থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী বলেন, "২০২৪ সালে আরজি কর ঘটনার পর আমাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে সাংসদ হয়েও চার থেকে পাঁচবার নির্যাতিতার নাম বলেছিলেন উনি।
কিন্তু বছর দেড়েক পর কেন অভিযোগ দায়ের করা হল? অভিযোগকারীর কথায়, প্রাথমিকভাবে তৎকালীন সিপির কাছে একটি অভিযোগ করেছিলাম আমি। কিন্তু সেসময়ে উনি কোনও অ্যাকশন নেননি। আজ ২০২৬ সালের জুন মাস, এখনও ওই ভিডিওটি অনেক জায়গায় ঘুরছে। এবার রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক।"
উল্লেখ্য, তৃণমূলের সাংসদ হলেও অভিনয় জগতে অনেক প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। অনেক চলচ্চিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে। দিদি নং ওয়ান রিয়েলিটি শো'তেও সঞ্চালিকার ভূমিকায় রচনাকে বেশ পছন্দ করেছে দর্শকমহল। কিন্তু রাজ্যে পালাবদল হতেই আইনি বিপাকে রচনা।

No comments:
Post a Comment