কলকাতা: পুলিশের জালে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রতারণা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার করা হয় উদয়ন গুহকে, পুলিশ সূত্রে এমনটাই দাবী। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রকে। এই গ্রেফতারি নিয়ে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "আপনারা উদয়ন গুহর যে সমস্ত ডায়লগ শোনাতেন তারপরে উনি এতদিন বাইরে ছিলেন কি করে! তখনই গ্রেফতার হওয়া উচিৎ ছিল। সমাজবিরোধীর মতন কথাবার্তা।"
তিনি বলেন, "তাঁর তো দুর্নীতির কেস আজ নয়, বাবা বেঁচে থাকতে সার কেলেঙ্কারির কেস ছিল। তো সবরকম গুণ ছিল। বাকি যা ঘটেছে সবাই দেখেছেন, লোকে অভিযোগ করেছেন, বাকিটা আইন দেখবে।"
হকার উচ্ছেদ নিয়ে মমতার প্রতিবাদ মিছিল সম্পর্কেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "এখন করুন, সময় আছে তো। আন্দোলন-মিছিল করে নিজেকে একটু জীবিত রাখুন।" দিলীপের মন্তব্য, "এই হকারদের পয়সা নিয়ে বসিয়েছেন ওনার লোকেরা। সিপিএম চেঁচাচ্ছে, তাঁরা বসিয়েছেন হকারদের পয়সা নিয়ে। আজকে ওদের দায়িত্ব তাঁদের সুরক্ষা দেওয়ার।"
মন্ত্রী বলেন, "রাস্তাঘাট ব্যবসা করার জন্য নয়। এতগুলো হকার কর্নার তৈরি করার পর এত হকার আসে কোথা থেকে? আবার বসে কি করে? কেন বসেছে? সেজন্য হকারদেরও দায়িত্ব যাদের টাকা দিয়েছেন, যারা বসিয়েছেন তাঁদের গিয়ে বলুন।"
পাশাপাশি তাঁর বার্তা, "সরকার দায়িত্ব নিয়েছে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার, তাঁদের জীবনযাত্রাকে সচল করার জন্য। সেটা সরকার করবে।"

No comments:
Post a Comment