অভিষেকের বাড়িতে ইডি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নোটিশ তৃণমূল সাংসদকে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, June 3, 2026

অভিষেকের বাড়িতে ইডি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নোটিশ তৃণমূল সাংসদকে


কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাট রোডের বাড়িতে বুধবার বিকেলে হঠাৎ হানা দেয় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে গিয়ে তাঁকে নোটিশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে এই নোটিশ। আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ।



সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে ইডির আধিকারিকেরা যখন যান, তখন অভিষেক কালীঘাটের বাড়িতে ছিলেন না। ইডি সূত্রে খবর, আগামী ১৫ জুন সিজিও কমপ্লেক্সে তৃণমূল সাংসদকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলাতে তদন্তের স্বার্থেই এই নোটিশ। 

জানা গিয়েছে, এদিন প্রথমে 'শান্তিনিকেতনে' যান ইডি আধিকারিকরা। সেখানে ডায়মন্ড হারবারের সাংসদ নেই জানার পর কালীঘাটের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই সময় ওই বাড়িতেও ছিলেন না অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিতে যান তিনি। ফলে দীর্ঘক্ষণ সাংসদের বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। যদিও এরপর এক আধিকারিক ইডির ওই সমন গ্রহণ করেন বলে খবর। 

ইতিমধ্যেই বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে সিআইডি। ৮ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। প্রথমে তাঁকে ১লা জুন ভবানী ভবনে তলব করেছিল সিআইডি। কিন্তু তার আগেই শনিবার সোনারপুরে গিয়ে আক্রান্ত হন অভিষেক। আর সেই থেকেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডিকে চিঠি পাঠান অভিষেক। ১৫ দিনের সময় চেয়ে নেন তিনি। কিন্তু তদন্তে দেরি করতে নারাজ তদন্তকারীরা। আর এজন্য সোমবার বিকেলেই সিআইডি আধিকারিকরা তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে নতুন নোটিশ দিয়ে আসেন এবং ৮ জুন হাজিরার নির্দেশ দেন।

সিআইডির সেই নোটিশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিশ খারিজের আবেদন জানানোর পাশাপাশি তাঁকে যাতে গ্রেফতার না করা হয়, সেই মর্মেও আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন তিনি। বিচারপতি অপূর্ব সিনহা রায় মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এরই মধ্যে আবার ইডির এই সমন। এদিকে বিধানসভায় মমতা-হীন বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৫৮ জন তৃণমূল বিধায়কের সমর্থনে বিরোধী দলনেতা মনোনীত হন এমনকি স্পিকারের স্বীকৃতিও পেয়ে গিয়েছেন তিনি। ঋতব্রত আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। দলের এই পরিণতির জন্য তাঁকে নিশানা করেছেন। এমনকি এদিন বিরোধীদল নেতার চেয়ারে বসার পর সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধ জানালেও ঋতব্রত স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিষেকের সাথে তাদের এই পরিষদীয় দলের দূরদূরান্তের কোনও সম্পর্ক নেই। 

এইসবের মাঝেই এবারে অভিষেকের বাড়িতে ইডি হানা, তাঁকে হাজিরার নির্দেশ। সাঁড়াশি আক্রমণ নয়, একেবারে যাঁতাকলে তৃণমূলের তথাকথিত 'যুবরাজ', এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। 



No comments:

Post a Comment

Post Top Ad