ডিম খেলেন কুণাল ঘোষ, মমতার বাড়ির সামনেই আক্রান্ত তৃণমূল বিধায়ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 15, 2026

ডিম খেলেন কুণাল ঘোষ, মমতার বাড়ির সামনেই আক্রান্ত তৃণমূল বিধায়ক


কলকাতা: এবারে ডিম 'খেলেন' কুণাল ঘোষ। কালীঘাটের বৈঠকে যোগ দেওয়ার সময় বেলেঘাটার তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ধেয়ে এল ডিম। সোজা কুণাল ঘোষের মাথায় এসে লাগে ওই ডিম। এক বিক্ষোভকারী তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। তাঁর অভিযোগ, অনেক অত্যাচার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ঘটে যাওয়া এই ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 


ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কুণাল ঘোষ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এমন কাণ্ড, তাও আবার পুলিশের সামনে কীভাবে এই ঘটনা ঘটল? প্রশ্ন তৃণমূল বিধায়ককের। এভাবে বিপ্লব দেখানো যায় না। বিধায়ক বলেন, 'এভাবে তাঁর মুখ বন্ধ করা যাবে না। কী অত্যাচার করা হয়েছে, কেন বলছেন না ওই ব্যক্তি?'


জানা গিয়েছে, চন্দন নামে এক যুবক তাঁকে লক্ষ্য করে এদিন ডিম ছোড়েন। ডিমটি সোজা এসে ফাটে বিধায়কের মাথায়। এর পরই ওই যুবক চিৎকার করে বলতে থাকেন, 'অনেক অত্যাচার করেছেন উনি, এটা ওনার প্রাপ্য ছিল।' এরপরই তড়িঘড়ি যুবকটি ওই এলাকা ছেড়ে পালিয়ে যান। 


এদিকে, ঘটনার আচমকাই ঘটে যাওয়া এই ঘটনায় হকচকিয়ে যান কুণাল ঘোষ। তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কুণাল বলেন, 'মমতা দির বাড়ি থেকে বেরিয়ে আমি নিরস্ত্র অবস্থায় কথা বলছিলাম। দু'জন যুবক আমার হাতের কাছেই ছিল। হঠাৎ একজন ডিম ছুড়ে পালিয়ে গেল। কেউ প্রতিবাদ করল না বা ধরার চেষ্টাও করল না।' পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কুণাল ঘোষ।


নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে বেলেঘাটার বিধায়ক বলেন, 'প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানে জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে থাকে, সেই বাড়ির মাত্র ১০ মিটারের মধ্যে এমন ঘটনা কী করে ঘটে? নিরাপত্তা কোথায়?' 'পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে', অভিযোগ কুণালের। 


উল্লেখ্য, গত মে মাসে সোনারপুর থেকে শুরু হয়েছিল এই ডিম হামলার ঘটনা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে সেদিন উড়ে আসে ডিম। এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন ডিম হামলার মুখে পড়েছেন তৃণমূলের নেতা-বিধায়ক, কাউন্সিলর, প্রাক্তন মন্ত্রীরা। সেই তালিকায় নতুন সংযোজন কুণাল ঘোষ। 





No comments:

Post a Comment

Post Top Ad