মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে সমন! থানায় হাজিরার নির্দেশ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, June 2, 2026

মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে সমন! থানায় হাজিরার নির্দেশ

 


কলকাতা: মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পুলিশের সমন। ৫ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ। মেসির অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয়। 


অরূপের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মোট পাঁচটি ধারায় এফআইআর রুজু করা হয়- অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২)। এই ঘটনায় উচ্ছ্বসিত হন শতদ্রু। রবিবার সোশ্যাল মিডিয়ায় এফআইআরের কপি শেয়ার করে তিনি লেখেন ‘সত্যের জয়।’ একইসঙ্গে এই আইনি পদক্ষেপের জন্য রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।


শতদ্রুর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয় আর সেই নিয়েই এবারে প্রাক্তন মন্ত্রীকে নোটিশ। পুলিশ সূত্রে খবর এমনটাই। আগামী ৫ জুন তাঁকে স্বশরীরে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। বিধানসভা ভোটে ভরাডুবির ধাক্কা সামলানোর আগেই প্রাক্তন মন্ত্রীর আইনি নোটিশ পাওয়া নিয়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে 


ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বর মাসে। শতদ্রু দত্তের আমন্ত্রণে ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রড্রিগো দি’পল কলকাতায় এসেছিলেন। যুবভারতীতে ১৩ ডিসেম্বরের এই হাইভোল্টেজ অনুষ্ঠান ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। পারদ এতটাই চড়েছিল যে ১৮ হাজার টাকার টিকিট কালোবাজারির কারণে ৭০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় বলে অভিযোগ ওঠে। কিন্তু চরম অব্যবস্থাপনার কারণে কলকাতার সেই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত সুপারফ্লপ হয়।


গ্যালারি ভেঙে শত শত দর্শক মাঠে ঢুকে পড়েন। সেদিন কলকাতার চরম বিশৃঙ্খলার ছবি দেখেছিল গোটা বিশ্ব। দেশের বাকি তিন শহর মুম্বই, দিল্লী ও হায়দরাবাদে অনুষ্ঠান সফল হলেও কলকাতায় এই পরিণতির জেরে আয়োজক শতদ্রু দত্তকে সে সময় জেলেও যেতে হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad