তড়তড়িয়ে বাড়ছে তাপমাত্রা! পড়ুয়াদের কথা ভেবে বড় পদক্ষেপ রাজ্যের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, June 2, 2026

তড়তড়িয়ে বাড়ছে তাপমাত্রা! পড়ুয়াদের কথা ভেবে বড় পদক্ষেপ রাজ্যের


কলকাতা: তাপমাত্রার পারদ দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। এদিকে, স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি শেষ হয়ে গিয়েছে। এই আবহে সকালে স্কুল করার পরামর্শ দিয়েছে রাজ্য সরকারের। ২ সপ্তাহের জন্য বাংলার স্কুলগুলো সকালে করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের কথা ভেবেই এই পরামর্শ। আর এই বিধি কার্যকর করতে সমস্ত ডিআই-দের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। তাপপ্রবাহের জেরে পড়ুয়াদের সুরক্ষার্থে রাজ্য সরকারের এই পদক্ষেপ ইতিবাচক বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।


মঙ্গলবার থেকেই বিভিন্ন স্কুলগুলোকে এই নির্দেশ পাঠানো শুরুও হয়ে গিয়েছে। গোটা প্রক্রিয়ার ওপরে নজর রাখার জন্য সংশ্লিষ্ট এসআইদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে যে স্কুলে সকালে প্রাথমিক এবং দুপুরে উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ানো হয়, সে ক্ষেত্রে সব পড়ুয়াদের একই সময়ে অর্থাৎ সকালে ক্লাস হলে সমস্যা হতে পারে। ওই স্কুলগুলি কী করবে, তার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের সঙ্গে কথা বলেই পরিকল্পনা করতে হবে, এমনটাই জানা যাচ্ছে।


পাশাপাশি এও জানা গিয়েছে, এই নতুন নির্দেশ শুধুমাত্র প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সকালে স্কুল করা বা কোন সময়ে স্কুল করা সঠিক হবে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্কুল পরিদর্শকরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিজে নিতে পারবেন।


উল্লেখ্য, চলতি বছর ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত গরমের ছুটি ছিল। পরে তা বাড়িয়ে ৩১ মে করা হয়। ১ জুন থেকে চালু হয় স্কুল। কিন্তু গরম দিন দিন বেড়েই চলেছে। উত্তরবঙ্গে কয়েকদিন বৃষ্টির কারণে আবহাওয়া মনোরম থাকলেও বর্তমানে সেখানে তাপমাত্রা চরমে। আর এদিকে দক্ষিণবঙ্গ তো পুড়ছেই। বৃষ্টির দেখা কবে মিলবে, জানা নেই। এমতাবস্থায় আগামী দু'সপ্তাহে পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময়ের পরিবর্তন করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হল। 


কোনও বিশেষ জেলার নাম উল্লেখ না থাকলেও প্রধানত বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে সমস্যা অনেক বেশি বলে মনে করছে দপ্তর। তবে পাহাড়ি এলাকাগুলি ছাড়া রাজ্যের সর্বত্রই এই নির্দেশ কার্যকরী হবে বলে জানা গিয়েছে। আর ইতিমধ্যেই দক্ষিণ থেকে উত্তরের জেলাগুলোতে সংশ্লিষ্ট এসআই স্কুলগুলোতে সেই নির্দেশিকা পাঠাতে শুরুও করে দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad