পাচারের চেষ্টায় জল! উদ্ধার ২ বিশালাকার কচ্ছপ, ধৃত ভিন রাজ্যের ১ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, June 2, 2026

পাচারের চেষ্টায় জল! উদ্ধার ২ বিশালাকার কচ্ছপ, ধৃত ভিন রাজ্যের ১


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১০ কেজি ওজনের দুটি কচ্ছপ, গ্রেফতার ১। যাত্রীদের সন্দেহে ফাঁস পাচারের চেষ্টা, ব্যাগ খুলতেই মিলল দুটি বিশাল আকৃতির কচ্ছপ। ধৃতকে বন দফতরের হাতে তুলে দিল আরপিএফ। মঙ্গলবার সকালে পানাগড় স্টেশনে ঘটেছে এই ঘটনা। 


দুন এক্সপ্রেস থেকে দুটি বিশাল আকৃতির কচ্ছপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। জানা গিয়েছে, এদিন সকালে দুন এক্সপ্রেস পানাগড় স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। সেই সময় যাত্রীদের বসার সিটের নিচে রাখা একটি ব্যাগ বারবার নড়াচড়া করতে দেখে সন্দেহ হয় যাত্রীদের। প্রথমে অনেকের ধারণা হয়, সম্ভবত ব্যাগের ভিতরে কোনও শিশুকে পাচার করা হচ্ছে।


এরপর বিষয়টি স্টেশনে উপস্থিত আরপিএফ কর্মীদের জানানো হয়। খবর পেয়ে আরপিএফ কর্মীরা ট্রেনে উঠে ব্যাগটি খুলে দেখেন, তার ভিতরে রয়েছে দুটি বড় আকৃতির কচ্ছপ। উদ্ধার হওয়া কচ্ছপ দুটির মোট ওজন আনুমানিক ১০ কেজি বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আরপিএফ। পরে উদ্ধার হওয়া কচ্ছপ দুটিকে পানাগড় বন দফতরের রেঞ্জারের হাতে তুলে দেওয়া হয়।


জানা গিয়েছে, ধৃত ব্যক্তির বাড়ি উত্তর প্রদেশের আমেঠিতে। তাঁর নাম জান্না এবং বয়স ৬২ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, কচ্ছপ দুটি কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। বর্তমানে বন দফতরের আধিকারিকরা ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad