'একটা কমিউনিটি যখন---', উস্কানিমূলক মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, June 12, 2026

'একটা কমিউনিটি যখন---', উস্কানিমূলক মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর


কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। কলকাতার ধর্মতলায় আয়োজিত একটি সভা থেকে 'উস্কানিমূলক' এবং 'বিভ্রান্তিকর' ভাষণ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল হেয়ার স্ট্রিট থানায়। ভারতীয় ন্যায় সংহিতা-র একাধিক জামিন অযোগ্য ও গুরুতর ধারায় এই মামলা রুজু করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুন হেয়ার স্ট্রিট থানায় এই লিখিত অভিযোগটি দায়ের করেছেন তুষার কান্তি দাস নামের এক ব্যক্তি। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ৯ মার্চ। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে তৃণমূলের ধর্না কর্মসূচি ছিল। অভিযোগকারীর দাবী, সেই ধরনা মঞ্চ থেকেই এমন কিছু মন্তব্য করা হয়েছে, যা রাজ্যের শান্তি-শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।


ওই সভা থেকে মমতা বলেছিলেন, "আমরা আছি বলে আপনারা ভালো আছেন। যদি আমরা না থাকি না, এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না...১ সেকেন্ডে দেবে ১২টা বাজিয়ে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।" ওই মন্তব্য নিয়ে সমাজের নানা স্তরে সমালোচনা শুরু হয়েছিল। তা নিয়েই নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় পাঠিয়েছে পুলিশ। আর সেই অভিযোগের ভিত্তিতেই হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু হয়েছে। উস্কানিমূলক মন্তব্য করা নিয়ে চাপানউতোর আগেই উঠেছিল। এবার সেই জল হেয়ার স্ট্রিট থানা পর্যন্ত গড়িয়ে গেল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ (১), ৩৫১ (২) এবং ৩৫২ ধারায় মামলা রুজু হয়েছে।


উল্লেখ্য, গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে নাম না করে বাংলাদেশের ওসমান হাদী খুন নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই ঘটনাতেই তাঁর নামে দায়ের হয়েছিল এফআইআর। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক আইনজীবী। এর আগেও তিনি আরেকটি অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছিলেন আইনজীবী। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করলেন ব্যবসায়ী।

No comments:

Post a Comment

Post Top Ad