তৃণমূলের অ্যাকাউন্ট 'ফ্রিজ' করতে আবেদন, ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের! - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, June 18, 2026

তৃণমূলের অ্যাকাউন্ট 'ফ্রিজ' করতে আবেদন, ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের!


কলকাতা: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' করার আবেদন। ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি দিলেন খোদ তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। সংসদীয় ও পরিষদীয় দলে বড় ভাঙনের কথা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠিতে জানানো হয়। জানা গিয়েছে, গত ১২ জুন বেসরকারি ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি দেন অরূপ বিশ্বাস। সমস্ত রকম লেনদেন বন্ধ করে দেওয়ার আবেদন জানান তিনি। 


দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে, সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে, দলের প্রতীক কার হাতে থাকবে, দলের সম্পত্তির অধিকার কে পাবে--তা নিয়ে বিবাদ চলছে। ফলে কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে, সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক। না হলে আরও জটিলতা তৈরি হতে পারে। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাঙ্কের কাছে আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তাঁর আবেদন, 'যতক্ষণ না দলের মধ্যকার সমস্যা সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে কোনও ধরণের লেনদেন বন্ধ রাখা হোক।'


চিঠিতে লেখা রয়েছে, 'এআইটিসি-এর কোষাধ্যক্ষ হিসেবে আমি পূর্বে হিসাব ও আর্থিক বিষয়ক অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন কর্তৃপক্ষের হয়রানির সম্মুখীন হয়েছি। সংগঠনের স্বাভাবিক কার্যক্রমে আমি পরিচালনাগত ও প্রশাসনিক প্রয়োজনে চেকে স্বাক্ষর করতাম, যা পরে জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর জন্য পার্টি অফিসে সংরক্ষিত থাকত।'


বর্তমানে দলের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ, সম্পদ নিয়ে যে গুরুতর বিরোধের সৃষ্টি হয়েছে, সে কথা উল্লেখ করে চিঠিতে আরও লেখা হয়েছে, "আশঙ্কা রয়েছে যে দলের অর্থ এমন ব্যক্তিদের দ্বারা ব্যবহার বা আত্মসাৎ হতে পারে, যাঁদের এ বিষয়ে বৈধ কর্তৃত্ব নেই। তাই দলের অর্থ কেবলমাত্র বৈধ ও অনুমোদিত নেতৃত্বের নিয়ন্ত্রণে থাকা উচিৎ এবং তারা-ই দলের নাম, প্রতীক, সম্পদ ও বিষয়াবলির ওপর আইনগতভাবে ক্ষমতা প্রয়োগ করবেন। বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলের অর্থ সুরক্ষিত রাখতে এবং কোনো বিতর্কিত বা অননুমোদিত লেনদেন প্রতিরোধ করতে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।'


"এছাড়াও, বর্তমান বিরোধের কারণে আমার দৃঢ় ও সৎ বিশ্বাস যে পূর্বে স্বাক্ষরিত চেকসমূহ, যদি বর্তমানে এমন ব্যক্তিদের হেফাজতে থাকে যাদের কর্তৃত্ব নিয়ে বিরোধ রয়েছে, তবে সেগুলি যথাযথ অনুমতি ছাড়াই অপব্যবহার বা নগদায়নের জন্য উপস্থাপন করা হতে পারে। ফলে উক্ত হিসাবের মাধ্যমে অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার বাস্তব ও তাৎক্ষণিক ঝুঁকি রয়েছে", মত অরূপের। 


ভোটের ভরাডুবির এক মাস যেতে না যেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থেকে বিদ্রোহ ঘোষণা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সমর্থন জানিয়েছেন কমপক্ষে ৬৫ জন বিধায়ক। বুধবারে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও বৈঠক করেছেন ঋতব্রতের সঙ্গে। অন্যদিকে, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে নতুন দল এনসিপিআই-তে যোগ দিচ্ছেন বিদ্রোহী সাংসদেরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ প্রত্যেকেই তৃণমূলের নাম, দলীয় প্রতীক এবং সম্পত্তি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার আবেদন। চিঠিতে সই দেখা গিয়েছে, তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের, যিনি কিনা বর্তমানে 'নিখোঁজ'! 


একে তো দল ভেঙে চুরমার হচ্ছে। তার ওপর যদি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যে ব্যাপক আর্থিক সঙ্কটে পড়তে পারে, সেটা তো পরিষ্কার। দলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপের চিঠিতে মান্যতা দিতেই পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, এই যে চিঠি নিখোঁজ প্রাক্তন মন্ত্রী দিয়েছেন, তা কি মমতা-অভিষেকের পরামর্শে? কারণ ইতিমধ্যেই তিনবার পুলিশি হাজিরা ছড়িয়েছে অরূপ বিশ্বাস। কোথায় আছেন তিনি? উত্তর মিলছে না। এই আবহে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' করার আবেদন জানিয়ে অরূপের এই চিঠি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad