আসছে নতুন বিল, একদিনের জন্য বসছে বিশেষ অধিবেশন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, June 25, 2026

আসছে নতুন বিল, একদিনের জন্য বসছে বিশেষ অধিবেশন


কলকাতা: রাজ্যে ক্ষমতায় এসেই একের পর কড়া সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এবারে কাটমানি, ঘুষ, চুরি বন্ধ করতে কঠোর বিল আনতে চাইছে শুভেন্দু সরকার। তবে সূত্রের খবর, অধিবেশনের শেষ দিনে এই বিল আনা সম্ভব হচ্ছে না। বিল পেশ করার জন্য একদিনের বিশেষ অধিবেশন ডাকা হবে। বর্তমানে বাজেট অধিবেশন চলছে বিধানসভায়। এই অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর বিল পেশ করতে অধিবেশন ডাকা হবে বলে জানা গিয়েছে। 


দুর্নীতি মোকাবিলায় এক নতুন বিল আনতে চলেছে বিজেপি সরকার। এই নতুন আইনের মূল লক্ষ্যই হবে, রাজ্যের যে কোনও স্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিক, নেতা বা ব্যক্তিদের বেআইনিভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করা। বিধানসভা সূত্রে খবর, এই বিলটি পাস করানোর জন্য আগামী সোমবার অর্থাৎ ২৯ জুন একদিনের জন্য বিধানসভার বিশেষ জরুরি অধিবেশন ডাকা হচ্ছে।


 পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বিধানসভার চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্ব আগামী ২৫ জুন অর্থাৎ আজ বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা। এরপর থাকবে বিরতি। তারপর দ্বিতীয় দফার মূল অধিবেশন শুরু হওয়ার কথা আগামী ৭ জুলাই থেকে। প্রথমে স্থির ছিল যে ৬ জুলাই থেকে মূল অধিবেশন শুরু হবে। পরে স্থির হয় ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। তাই ৭ জুলাই থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে। 


সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে দুর্নীতি-বিরোধী বিলটি আনার কথা ঘোষণা করেছেন, তার খসড়া বা ড্রাফটিং তৈরির কাজ এই মুহূর্তে চলছে যুদ্ধকালীন তৎপরতায়। পূর্ব নির্ধারিত ২৫ জুনের মধ্যে এই বিলের সম্পূর্ণ ড্রাফটিং-এর কাজ শেষ করা একপ্রকার অসম্ভব। সেই কারণেই ওই জরুরি অধিবেশন ডাকা হচ্ছে। কোনওরকম আইনি ফাঁকফোকর যাতে না থাকে, সেজন্য সবদিক খতিয়ে দেখছেন রাজ্যের আইন বিশেষজ্ঞরা। আর এই বিল পাশ হলে দুর্নীতি মোকাবেলায় রাজ্য সরকারের বিশেষ সুবিধা হবে বলেই মনে করছে বিভিন্ন মহল।

No comments:

Post a Comment

Post Top Ad