কলকাতা: ডিজে মন্তব্যে মঙ্গলবার সকালেই ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন তিনি তদন্তকারী সংস্থার জেলার মুখে, ঠিক তখনই তাঁর কালীঘাটের বাড়ির দুয়ারে পৌঁছে গেলেন কলকাতা পুরসভার আধিকারিকরা, তাও আবার ফিতে হাতে। পটুয়াপাড়ায় অভিষেকের বাড়ি মাপজোক শুরু করেন পুরসভার আধিকারিকরা। বাড়ির আউটসাইড মাপ, লেন, ফুটপাত ঠিকমতো ছাড় দেওয়া হয়েছে কিনা, ফুটপাতের কোনও অংশ দখল করা রয়েছে কিনা, সেইসব মাপ নেন আধিকারিকরা।
এক আধিকারিক জানিয়েছেন, সমস্ত মাপ করে একটি রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা দিতে হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই ১৮৮ এ হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতনে মাপ নেওয়া হয়েছে। কলকাতা পৌরনিগমের তরফে আগেই নির্দেশ দেওয়া হয় অভিষেকের বাড়ির অন্দরমহলের নতুন স্কেচ-সহ এলিভিশন কপি জমা দিতে হবে। অভিষেকের সম্পত্তিতে নির্মাণ নকশা নিয়ে নির্দেশ দিয়েছে পুর প্রশাসন।
জানা যাচ্ছে, বর্তমানে বাড়ির ভিতরে নতুন করে কী কী অংশ তৈরি হয়েছে, সেটা এলিভিশন কপিতে এঁকে জমা করতে হবে, যে নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। সম্প্রতি পুরসভার পক্ষ থেকে অভিষেকের কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে অবস্থিত অভিষেক ও তাঁর সংস্থার একাধিক সম্পত্তিতে ৪০১ ধারায় নোটিশ পাঠানো হয়। সেখানে অনুমোদিত বিল্ডিং প্ল্যান ও নির্মাণ সংক্রান্ত নথি চাওয়া হয়। সূত্রের খবর, অভিষেকের আত্মীয়দের মিলিয়ে একাধিক সম্পত্তিতে এই নোটিশ পাঠানো হয়। পুরসভার অভিযোগ, অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত নির্মাণ করা হয়েছে। যদিও পুরসভার এই নোটিশ নিয়ে সেভাবেই মুখ খুলতেই চাননি অভিষেক বরং কয়েকদিন আগে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে কিছুটা বিরক্তি হয়েছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু মঙ্গলবার পুর আধিকারিকদের দেখা গেল তাঁর বাড়ির দুয়ারে পৌঁছে যেতে।

No comments:
Post a Comment