কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মহার্ঘ ভাতা (ডিএ) থেকে শুরু করে বকেয়া পরিশোধ, অস্থায়ী কর্মীদের বেতন বৈষম্য দূর এবং স্বচ্ছ নিয়োগের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ম্যারাথন বৈঠক শেষে কর্মচারীদের জন্য একগুচ্ছ ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবী যৌথ মঞ্চের।
ডিএ নিয়ে মমতা সরকারের সঙ্গে দীর্ঘ কয়েক বছরের লড়াই। তাছাড়াও হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো আছেই। শেষমেষ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ২২ তারিখ সরকারি কর্মচারীরা ভালো সুখবর পেতে পারেন।
বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ বলেন, "আগের সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানেনি। ওই সরকার কী করেছে তা ভুলে যান। সুপ্রিম কোর্ট যা বলেছে, সেই মেনেই কাজ করবে এই সরকার। শূন্যপদে আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত পক্ষে ৫০,০০০ নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। আগামী ৬-৭ তারিখের মধ্যে নিয়োগনীতি ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারীদের মিডিয়ায় কথা বলা নিয়েও আলোচনা হয়েছে। মুখ্যসচিব বলেছেন, সব ক্যাডারদের জন্য নয়।"
তিনি বলেন, "বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি। এই নিয়ে কাজ শুরু করতে মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দেন শুভেন্দু।" ভাস্কর আরও জানান, এরিয়ারের শতাংশ নিয়ে মতানৈক্য ছিল, এনিয়ে ফের বৈঠকের আশ্বাস দেওয়া হয়েছে। জানুয়ারির মধ্যে সপ্তম পে কমিশন লাগুর প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, "অস্থায়ী কর্মচারীরা অন্যান্য রাজ্যের মতো বেতন পাবেন। উত্তরপ্রদেশে যেমন ১৫ দিন বাদে-বাদে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের সঙ্গে কর্মচারীদের সঙ্গে বৈঠক হয়, সেটা বলেছি। তেমনটা হতে পারে এখানে। আলোচনায় সন্তুষ্ট। বকেয়া ৪২ শতাংশ নিয়ে আমাদের প্রস্তাব দিয়েছি। চেয়েছি স্থায়ী আদেশনামা বের হোক। সেই আদেশনামাতে পরবর্তী ক্ষেত্রে যে যে ভাবে কেন্দ্র ঘোষণা করবে সেইটা দেওয়া হোক। আর ৪২ শতাংশ বকেয়া সেই টাকা ধাপে ধাপে মেটান। মুখ্যমন্ত্রী বলেছেন, ২২ জুন যে বাজেট পেশ হবে সেই দিন কর্মচারীদের একটা সুখবর দেবেন। চিরকুটে ডিএ দেওয়ার মতো ডিএ নয়। সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা করবেন।"
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএর ফারাক ৪২ শতাংশ। সেই ফারাক মেটানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

No comments:
Post a Comment