কলকাতা: সোমবার রাজ্য নতুন সরকারের বাজেট। পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে শুভেন্দু সরকার। তার আগেই দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, দলনেত্রী স্পষ্ট বলেছেন, আগেভাগেই বিরোধিতা করা যাবে না। বাংলার জন্য কী আছে তা ভালো করে দেখে-বুঝে তারপরই মন্তব্য করা হবে।
আজ ২২ জুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যে ক্ষমতার আসার পর পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার মানুষকে আশ্বস্ত করেছিলেন, এবারের বাজেটে বিশেষ চমক থাকবে। স্বাভাবিকভাবেই আমজনতা অপেক্ষায় যে কী উপহার দেয় নয়া সরকার। এই পরিস্থিতিতে এখনও যে কয়জন নেতা সঙ্গে রয়েছেন, তাঁদের নিয়েই রবিবার কালীঘাটে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উঠে আসে রাজ্যের বাজেট প্রসঙ্গ।
সূত্রের খবর, বৈঠকে দলনেত্রী সাফ জানিয়েছেন, বাজেটের অন্ধ বিরোধিতা করা যাবে না। একটা সরকার সবে এসেছে, তাদের প্রথম বাজেট। ওদের সময় দিতে হবে। কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার কী কী আনতে পারে দেখে নিতে হবে। নজর রাখতে হবে কী হয়। পরে আলোচনার সময় কিছু বলার থাকলে বলার সুযোগ মিলবে। শোনা যাচ্ছে, বৈঠকে মমতা বলেছেন, নতুন সরকারের সব পদক্ষেপের সমালোচনা করলে মানুষ তা ভালোভাবে নেবে না।
মমতার এই সংযত থাকার বার্তার নেপথ্যেও রয়েছে কারণ, এমনই মত বিশেষজ্ঞ মহলের। মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝে গিয়েছেন, কারণে-অকারণে শুধু বিরোধিতা করলেই মানুষের মন ফিরে পাওয়া সম্ভব নয়। বর্তমান যা পরিস্থিতি তাতে ‘খেলতে হবে’ অনেকটা বুঝে। প্রতিটা পদক্ষেপ করতে হবে মেপে। অন্যথায় তৃণমূলের ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব।
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই কার্যত কোণঠাসা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে হাত ছাড়ছেন মমতার আস্থাভাজনরাও। দলও ভাঙছে প্রায় প্রতিনিয়ত। এমতাবস্থায় নতুন সরকারের অকারণ বিরোধীতা যে মোটেও দলের জন্য ভালো হবে না, তা বেশ বুঝতে পেরেছেন তৃণমূল সুপ্রিমো। আর সেজন্যই এই কড়া বার্তা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

No comments:
Post a Comment