ন্যাশনাল ডেস্ক, ১৩ জুন ২০২৬: ভারতীয় নাবিকদের মৃত্যুর কয়েকদিন পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করকে জবাব দিয়েছেন। ভারতে একপ্রকার চোখরাঙানি দেখিয়ে তিনি এস. জয়শঙ্করকে বলেছেন যে, সমস্ত বাণিজ্যিক জাহাজকে অবশ্যই মার্কিন সেনার আদেশ পালন করা উচিৎ।
এস. জয়শঙ্কর বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন এবং ভারতীয় জাহাজে হামলার বিষয়ে মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি মার্কো রুবিওর কাছে ওমান উপকূলে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর বিষয়টি বিশেষভাবে উত্থাপন করেন।
শুক্রবার মার্কো রুবিও বিদেশমন্ত্রী জয়শঙ্করকে বলেছেন, "মার্কিন অবরোধ লঙ্ঘন এবং ইরানের তেলের অবৈধ চোরাচালান বরদাস্ত করা হবে না। সমস্ত জাহাজকে হরমুজ প্রণালীতে মার্কিন সেনার আদেশ মানা উচিৎ।"
শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, "সচিব মার্কো রুবিও এই বিষয়ে জোর দিয়েছেন যে, সমস্ত বাণিজ্যিক জাহাজকে আমেরিকা সেনার আদেশ অবিলম্বে মেনে চলা উচিৎ, কেননা তাঁরা হরমুজ প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টা করছে।"
মার্কো রুবিওর সঙ্গে কথোপকথনের সময় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ওমান উপকূলে মার্কিন হামলায় ভারতীয় নাগরিকদের মৃত্যুর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই কথোপকথনের পর পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের নিন্দা করেন। শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জয়শঙ্কর বলেন, "আজ সন্ধ্যায় আমি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছি। আমি উপসাগরে মার্কিন সেনা বাহিনীর হামলার বিষয়ে কড়া আপত্তি জানিয়েছি, যাতে তিনজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এই ধরণের প্রাণঘাতী পদক্ষেপ যৌক্তিক নয়।"
শুক্রবার, এই হামলার ঘটনায় ভারত এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো নয়াদিল্লীতে নিযুক্ত মার্কিন কূটনীতিককে তলব করেছে।
উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে হরমুজের কাছে এমটি জলবীর এবং এমটি সেন্টেবেলো আক্রান্ত হয়েছিল। ২০২৬ সালের ১০ জুন মার্কিন সামরিক হামলায় তিনজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়।


No comments:
Post a Comment