নিজস্ব সংবাদদাতা, কাঁকসা: মাটি কেটে শুরু হল ১০০ দিনের কাজ। কাঁকসায় কাজের সূচনায় শ্রমিকদের সঙ্গে কোদাল হাতে মাটি কাটতে এবং ঝুড়ি ভরে মাথায় করে মাটি ফেলতে দেখা যায় গলসির বিধায়ক রাজু পাত্রকে। বুধবার সকালে পশ্চিম বর্ধমান জেলার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝোড় এলাকায় জেলায় প্রথম এই কর্মসূচির সূচনা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ১০০ দিনের কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া এলাকার শ্রমজীবী ও প্রান্তিক মানুষের মধ্যে।
২০২১ সালের পর থেকে রাজ্য জুড়ে এই প্রকল্পের কাজ কার্যত বন্ধ ছিল। ফলে বহু পরিবারের জীবিকায় টান পড়েছিল। রাজ্যে সরকার বদল হওয়ার পর অবশেষে ফের কাজ শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক রাজু পাত্র, কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত, জেলা ১০০ দিনের প্রকল্প আধিকারিক অতনু মণ্ডল, বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু, বর্ধমান সদরের বিজেপির সহ-সভাপতি রমন শর্মা-সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা।
কর্মসূচির সূচনায় বিধায়ক নিজে কোদাল হাতে মাটি কাটেন। পরে সেই মাটি ঝুড়ি ভরে মাথায় তুলে নির্দিষ্ট স্থানে ফেলে কাজের উদ্বোধন করেন। রাজু পাত্র বলেন, “আমি গ্রামের ছেলে। মাটি কাটা আমার কাছে নতুন কিছু নয়। তাই মাটি তো কাটবই। প্রয়োজন হলে প্রতিদিন এখানে এসে ১০০ দিনের কাজের শ্রমিকদের সঙ্গে কাজ করব। এতদিন দুর্নীতি ও অনিয়মের কারণে এই প্রকল্পের কাজ বন্ধ ছিল। এখন নতুনভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে। বাংলায় বিজেপি সরকার গঠনের পর একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সেই জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই।"
তিনি আরও বলেন, "আগামী দিনে উন্নয়নের গতি আরও বাড়াতে নতুন নতুন প্রকল্প আনা হবে এবং গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে।”

No comments:
Post a Comment