কলকাতা: অভিষেককে দিয়ে শুরু হয়েছে ডিম থেরাপি। তৃণমূলের নেতাদের বাইরে দেখলেই ডিম ছুঁড়ে মারা হচ্ছে। এই প্রতিবাদ জনরোষ না বিজেপি পরিকল্পনা করে করছে তা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এই কালচার মোটেই শুভ নয়। এই পরিস্থিতিতে বুধবার সকালের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ভোলবদল। বাড়ির সামনে উঠোনে বসানো হয়েছে ‘ভিউ কাটার’। প্রশ্ন উঠছে, ডিম হামলা থেকে বাঁচতেই কি এই সিদ্ধান্ত? এদিকে, এদিন রাতেই মমতার বাড়ির সামনে থেকে ২০ জন নিরাপত্তারক্ষী লালবাজারের তরফে সরিয়ে নেওয়া হয়েছে। সবমিলিয়ে কালীঘাটে যে টানটান উত্তেজনা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন রাতে এক ভিডিও বার্তায় দাবী করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। কালীঘাটের বাড়ি থেকে ২০ জন নিরাপত্তারক্ষীকে প্রত্যাহার করেছে লালবাজার। ৩ জনকে নিরাপত্তার দায়িত্বে পাঠানো হয়। তবে তাঁরা একেবারে অপরিচিত বলে বাড়িতে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়নি। সুতরাং, বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন সম্পূর্ণ নিরাপত্তাহীন। এতে করে স্বাভাবিকভাবেই কোনও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করেছেন ডেরেক। বাংলায় ‘প্রতিহিংসাপরায়ণ রাজনীতি’ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
আরেক সাংসদ সাগরিকা ঘোষও এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। কেন দীর্ঘদিনের কর্মীদের প্রত্যাহার করা হল, কেনই বা গভীর রাতে মমতাকে নিরাপত্তাহীন করে দেওয়া হল, সে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। তিনি লেখেন, "বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। দিদির দীর্ঘদিনের নিরাপত্তাকর্মীদের হঠাৎ করে কেন সরিয়ে নেওয়া হয়েছে এবং কেন তাঁকে গভীর রাতে নিরাপত্তাহীন অবস্থায় রাখা হয়েছে? একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রাজনীতির বিষয় নয়, এটি পশ্চিমবঙ্গ সরকারের প্রাতিষ্ঠানিক দায়িত্ব। বাংলায় প্রতিহিংসার অবিশ্বাস্য রাজনীতি চলছে।"
একসময় হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়ির সামনে নিরাপত্তারক্ষীদেরর ভিড় থাকত। সেই বাড়িই আজ নিরাপত্তাবিহীন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতে কালীঘাটের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন কর্মী-সমর্থকরা। উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেও নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়।

No comments:
Post a Comment