গ্ৰীষ্মের দুপুরে রসনা তৃপ্তি, মুগ-পোস্ত ভাপা'য় জুড়াবে মন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, June 5, 2026

গ্ৰীষ্মের দুপুরে রসনা তৃপ্তি, মুগ-পোস্ত ভাপা'য় জুড়াবে মন

 


নিজস্ব প্রতিবেদন, ০৫ জুন ২০২৬: প্রচণ্ড গরমে হালকা কিছু খেতে মন চায়। আপনিও যদি হালকা অথচ মুখরোচক খাবারের রেসিপি খুঁজছেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এই প্রতিবেদনে থাকছে এমনই একটি পদ; মুগ-পোস্ত ভাপা। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর এই গরমে রান্নাঘরেও কাটাতে হবে না বেশি সময়। আসুন দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক এই রেসিপি। 


উপকরণ-

মুগ ডাল - ১/২ কাপ (৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে)

কালো সরষে- ১ চামচ

সাদা সরষে- ১ চামচ

পোস্ত- ২ চামচ

কাঁচা লঙ্কা - ৩-৪ চারটি (স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন)

হলুদ গুঁড়ো- ১ চা চামচ 

সরষের তেল- ১-২ টেবিল চামচ 

লবণ- স্বাদ অনুযায়ী 


পদ্ধতি -

প্রথমে ভিজিয়ে রাখা মুগ ডাল জল ঝরিয়ে নিন। এরপর এই ডালে সামান্য লবণ দিয়ে একটু মোটা করে মিক্সারে পিষে নিতে হবে। এবারে পিষে নেওয়া ডাল একটি টিফিন বক্সে নামিয়ে নিতে হবে। এরপর সরষে, পোস্ত ও কাঁচা লঙ্কার মসৃণ পেস্ট তৈরি করে ডালের সঙ্গে মিশিয়ে নিন। এতে দিন হলুদ গুঁড়ো, ১ চামচ সরষের তেল ও স্বাদ মতো লবণ। সবকিছু ভালো করে মিশিয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিন।


এবারে একটি তলা ভারী কড়াইতে কিছুটা জল গরম করুন। এই জলে মুখ বন্ধ টিফিন বক্স বসিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিন। এমনভাবে জল দেবেন, যেন টিফিন বক্সটি ডুবে না যায় আবার ভেসেও না ওঠে। চাইলে টিফিন বক্সটির ওপর ভারী কিছু চাপাও দিতে পারেন। 


মাঝারি আঁচে ওভাবেই ভাপিয়ে নিন ১০-১৫ মিনিট। এরপর আঁচ নিভিয়ে দিন। ব্যস তৈরি মুগ-পোস্ত ভাপা। এবারে টিফিন বক্সটি ঢাকনা খুলে সব কিছু একবার হালকা হাতে মাখিয়ে নিন। কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad